ফরিদপুরে চাঁদার টাকা না পেয়ে একটি বাস কাউন্টারে হামলার ঘটনা ঘটেছে। এতে বিকাশ পরিবহনের ম্যানেজার নাজির বিশ্বাস (৪৫) গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে ফরিদপুর পৌর বাসটার্মিনালে বিকাশ পরিবহনের কাউন্টারে এ হামলার ঘটনা ঘটে। আহত অবস্থায় নাজির বিশ্বাসকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নাজির বিশ্বাস নড়াইল জেলার লোহাগড়া উপজেলার লাহুরিয়া গ্রামের ইসমাইল বিশ্বাসের ছেলে। তিনি জানান, বিকাশ পরিবহনের মালিক মৃত্যুবরণ করার পর গত তিন বছর ধরে তিনি প্রতিষ্ঠানটির পরিচালনার দায়িত্ব পালন করে আসছেন। বর্তমানে প্রতিদিন দূরপাল্লার ১২টি ট্রিপ পরিচালিত হয়। তিনি অভিযোগ করে বলেন, গত দেড় মাস ধরে কয়েকজন যুবক প্রতিটি ট্রিপ থেকে আটটি সিট দাবি করে আসছিল। প্রতিটি সিটের বিপরীতে ১০০ টাকা করে চাঁদা দিতে চাপ দেওয়া হয়। তিনি এতে অস্বীকৃতি জানালে তারা ক্ষুব্ধ হয়ে ওঠে। মঙ্গলবার সকালে তারা প্রতি গাড়িতে আটটি সিট না দিলে দুই লাখ টাকা চাঁদা দাবি করে। পরে দেশীয় অস্ত্র নিয়ে এসে তার ওপর অতর্কিত হামলা চালানো হয়।
নাজির বিশ্বাস বলেন, “লোহার রড দিয়ে আমাকে মারধর করা হয়। একজন রামদা দিয়ে কোপ দিতে গেলে আমি হাত দিয়ে ঠেকাই। এ সময় অন্তত পাঁচজন হামলায় অংশ নেয়। তাদের হাতে রামদা ও লোহার রড ছিল। তিনি আরও জানান, হামলাকারীদের মধ্যে মিলন, সবুজ ও প্রিন্স নামের তিনজনকে তিনি শনাক্ত করতে পেরেছেন।
এ ঘটনায় অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।
ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, “লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এমএআর/
