রমজান উপলক্ষে হিলি স্থলবন্দরে ট্রাক চলাচলের সময় কমলো দেড় ঘণ্টা 

by Abid

পবিত্র রমজান মাসকে সামনে রেখে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানিকৃত পণ্যবাহী ট্রাক চলাচলের সময়সীমা দেড় ঘণ্টা কমানো হয়েছে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে হিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এক চিঠির মাধ্যমে ভারতের হিলি এক্সপোর্টার্স অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট অ্যাসোসিয়েশনকে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়।

বিজ্ঞাপন
banner

সিদ্ধান্ত অনুযায়ী, আগামীকাল বৃহস্পতিবার থেকে বন্দর দিয়ে পণ্যবাহী ট্রাক চলাচল বিকেল ৫টা পর্যন্ত সীমিত থাকবে। বর্তমানে সকাল থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত ট্রাক চলাচল চালু থাকলেও রমজান মাসজুড়ে এই সময়সূচি কার্যকর থাকবে। ঈদুল ফিতরের পর পুনরায় আগের সময়সূচি অনুযায়ী সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত আমদানি-রপ্তানির কার্যক্রম পরিচালিত হবে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

হিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম জানান, বৃহস্পতিবার থেকে সিয়ামের মাস রমজান শুরু হচ্ছে। ধর্মীয় বিষয় বিবেচনায় নিয়ে এবং সরকারি সিদ্ধান্তের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতি বছরের মতো এবারও শুধু রমজান মাসের জন্য ট্রাক চলাচলের সময় দেড় ঘণ্টা কমানো হয়েছে। তিনি বলেন, বিষয়টি ইতোমধ্যে ভারতীয় ব্যবসায়ী, কাস্টমস কর্তৃপক্ষ, বন্দর ব্যবহারকারী ও সংশ্লিষ্ট আমদানি-রপ্তানিকারকদের অবহিত করা হয়েছে।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222