চাঁদা বৃদ্ধির প্রতিবাদে মহাসড়ক অবরোধ, ত্রিশালে তীব্র যানজট

by Fatih Work

ময়মনসিংহ জেলার ত্রিশালে ‘জিপি’ ফি বৃদ্ধির নামে অতিরিক্ত চাঁদা আদায়ের প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সিএনজিচালিত অটোরিকশা চালকরা।

রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে কয়েকশ চালক উপজেলার ইভা ফিলিং স্টেশনসংলগ্ন সড়কে অবস্থান নিলে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এতে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয় এবং সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।

বিজ্ঞাপন
banner

চালকদের অভিযোগ, আগে প্রতিদিন ‘জিপি’ বাবদ ২০ টাকা দিতে হতো। হঠাৎ তা বাড়িয়ে ৭০ টাকা করা হয়েছে। পাশাপাশি মাসিক এক হাজার টাকা চাঁদা দাবি করা হচ্ছে। এই অতিরিক্ত অর্থ দিতে না পারলে সিএনজি স্ট্যান্ডে দাঁড়াতে দেওয়া হয় না, এমনকি মারধরেরও শিকার হতে হচ্ছে বলে অভিযোগ করেন তারা।

নাম প্রকাশে অনিচ্ছুক এক চালক বলেন, “আমরা দিন আনি দিন খাই। আগে ২০ টাকা দিতাম, এখন ৭০ টাকা দিতে বলা হচ্ছে। আবার মাসে এক হাজার টাকা চাওয়া হচ্ছে—এটা আমাদের পক্ষে সম্ভব নয়।”

সিএনজিচালক মফিজুল ইসলাম জানান, গণঅভ্যুত্থানের পর কিছুদিন চাঁদা নেওয়া বন্ধ ছিল। পরে ১০ টাকা করে নেওয়া শুরু হয়, যা ধাপে ধাপে ২০, ৪০ হয়ে এখন ৭০ টাকায় পৌঁছেছে। পাশাপাশি মাসিক চাঁদাও ধার্য করা হয়েছে। চাঁদা না দিলে গাড়ি চালাতে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

আরেক চালক মো. স্বপন মিয়া বলেন, ময়মনসিংহ কলেজ গেট এলাকায় নির্দিষ্ট ব্যক্তিদের নেতৃত্বে আগে ৪০ টাকা করে চাঁদা নেওয়া হতো, যা এখন ৭০ টাকায় উন্নীত করা হয়েছে। এছাড়া মাসিক এক হাজার টাকা দাবি করা হচ্ছে। তিনি বলেন, “নতুন সরকার চাঁদাবাজি বন্ধের কথা বলেছে, কিন্তু বাস্তবে তা বন্ধ হয়নি। আমরা স্বাধীনভাবে চলাচল করতে চাই।”

এ বিষয়ে ত্রিশাল থানার ওসি মুহাম্মদ ফিরোজ হোসেন জানান, অভিযোগটি খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাটি ময়মনসিংহ কোতোয়ালি থানা এলাকায় ঘটেছে। সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হবে। চালকদের সঙ্গে কথা বলে সড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222