রাষ্ট্রীয় দায়িত্ব পালনের অংশ হিসেবে প্রথমবারের মতো ঢাকা সেনানিবাসস্থ সশস্ত্র বাহিনী বিভাগে (এএফডি) নিজ কার্যালয়ে অফিস করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল নয়টায় তিনি সশরীরে সশস্ত্র বাহিনী বিভাগে পৌঁছান। সেখানে পৌঁছানোর পর সশস্ত্র বাহিনীর শীর্ষ পর্যায়ের কর্মকর্তাগণ প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা ও সশস্ত্র সালাম জানান। প্রধানমন্ত্রীও অত্যন্ত আন্তরিকতার সাথে সশস্ত্র বাহিনীর প্রধানগণের সঙ্গে কুশল ও শুভেচ্ছা বিনিময় করেন।
কার্যালয়ে যোগদানের পর প্রধানমন্ত্রী সদ্য পদোন্নতিপ্রাপ্ত সেনাবাহিনীর দুই উর্ধ্বতন কর্মকর্তাকে আনুষ্ঠানিকভাবে র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন। পদোন্নতি পেয়ে লেফটেন্যান্ট জেনারেল হিসেবে নতুন দায়িত্ব গ্রহণ করেছেন মীর মুশফিকুর রহমান এবং মেজর জেনারেল হিসেবে পদোন্নতি পেয়েছেন কায়সার রশিদ চৌধুরী। প্রধানমন্ত্রী পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের অভিনন্দন জানান এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের নির্দেশনা দেন।
টিএইচএ/
