দেশের আইপি টিভি ও অনলাইন নিউজ পোর্টালগুলোকে একটি সুনির্দিষ্ট নীতিমালার আওতায় আনা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে ময়মনসিংহের নান্দাইল প্রেসক্লাব পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে মতবিনিম সভায় তিনি এই তথ্য জানান। প্রতিমন্ত্রী বলেন, গত ১৭ বছর ধরে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে মন্ত্রণালয় পরিচালনা করা হয়েছে এবং কোনো প্রকার নিয়মনীতির তোয়াক্কা করা হয়নি। বর্তমান সরকার সবক্ষেত্রে শৃঙ্খলা ফিরিয়ে আনতে বদ্ধপরিকর এবং এখন থেকে সবকিছু নিয়মের ওপর ভিত্তি করেই চলবে।
প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী আরও উল্লেখ করেন, বর্তমানে একটি মোবাইল ফোনকে সম্বল করে যারা অনলাইন পোর্টাল পরিচালনা করছেন, তাদের অবশ্যই সরকারি নীতিমালা মেনে কাজ করতে হবে। তিনি জোর দিয়ে বলেন যে, তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার গণমাধ্যমের স্বাধীনতা খর্ব করতে চায় না। কারণ, প্রধানমন্ত্রী বিশ্বাস করেন একটি স্বাধীন ও শক্তিশালী গণমাধ্যম গণতন্ত্র বিকাশের জন্য অপরিহার্য। অনিবন্ধিত ও নিয়মবহির্ভূত অনলাইন সংবাদ মাধ্যমগুলোর বিশৃঙ্খলা রোধে এই নীতিমালা কার্যকর ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
প্রেসক্লাব পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী নান্দাইল উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলনকক্ষে আয়োজিত সরকারি কর্মকর্তাদের সঙ্গে একটি মতবিনিময় সভায় অংশ নেন। সেখানে তিনি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের জনসেবায় গতিশীলতা আনয়ন ও স্বচ্ছতা নিশ্চিত করতে প্রয়োজনীয় পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করেন। এরপর তিনি নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন এবং চিকিৎসাধীন রোগীদের খোঁজখবর নেন। এ সময় স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
টিএইচএ/
