ঝিনাইদহ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোঃ মতিয়ার রহমানকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৮নং বাঁশবাড়ীয়া ইউনিয়ন শাখা।
সোমবার (২ মার্চ ২০২৬) বিকাল তিনটায় ভৈরবা বাজারে আয়োজিত অনুষ্ঠানটি শুরু হয়ে বিকাল সাড়ে চারটায় শেষ হয়। সংবর্ধনার আগে বাঁশবাড়িয়া ইউনিয়নের ডুমুরতলা বাজার থেকে একটি মোটরসাইকেল র্যালি বের হয়ে ভৈরবা বাজারে এসে সমবেত হয়। পরে নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করে নবনির্বাচিত এমপিকে বরণ করেন।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শুরা সদস্য ও জেলা সহকারী সেক্রেটারি আব্দুল হাই, উপজেলা আমীর ফারুক আহমেদ, ইউনিয়ন আমীর হাজী মোহাম্মদ জুলফিকারসহ স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা এমপিকে অভিনন্দন জানিয়ে এলাকার সার্বিক উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। ভৈরবা বাজারে স্থাপিত পুলিশ ফাঁড়িকে পূর্ণাঙ্গ থানায় রূপান্তর, বাজারসংলগ্ন খাল খননের মাধ্যমে জলাবদ্ধতা নিরসন এবং কৃষি উপযোগী পরিবেশ ফিরিয়ে আনার দাবি তুলে ধরা হয়।
উপজেলা আমীর ফারুক আহমেদ প্রতিহিংসার রাজনীতি পরিহার করে সকল শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে উন্নয়ন কর্মকাণ্ড এগিয়ে নেওয়ার কথা বলেন এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলহাজ জুলফিকার আলীকে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ঘোষণা দেন।
প্রধান বক্তা দুর্নীতি ও ঘুষের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে প্রতিটি বাজারে অভিযোগ বক্স স্থাপনের পরিকল্পনার কথা তুলে ধরেন। প্রধান অতিথি জনগণের রায়কে সম্মান জানিয়ে দায়িত্বশীল ভূমিকা পালনের আশ্বাস দেন এবং এলাকার যেকোনো সমস্যা সরাসরি জানানোর আহ্বান জানান। শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
টিএইচএ/
