রাঙামাটিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা কমিটির সাতজন শীর্ষ নেতা দল থেকে পদত্যাগ করেছেন।
বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের পদত্যাগপত্র ছড়িয়ে পড়লে স্থানীয় রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পদত্যাগকারী নেতাদের মধ্যে জেলা শাখার যুগ্ম সদস্য সচিব, সাংগঠনিক সম্পাদকসহ গুরুত্বপূর্ণ পদের ব্যক্তিবর্গ রয়েছেন।
পদত্যাগপত্রে নেতারা উল্লেখ করেন, ২০২৪ সালের জুলাইয়ের গণঅভ্যুত্থানের চেতনায় উদ্বুদ্ধ হয়ে তাঁরা এনসিপিতে যোগ দিয়েছিলেন। তবে বর্তমানে দলটির আদর্শগত বিচ্যুতি ও বড় একটি রাজনৈতিক দলের সঙ্গে জোট গঠনের সিদ্ধান্তে তাঁরা ব্যথিত। তাঁদের দাবি, দল তার স্বতন্ত্র অবস্থান থেকে সরে আসায় বর্তমান পরিস্থিতিতে এনসিপির সঙ্গে যুক্ত থাকা আর সম্ভব হচ্ছে না।
পদত্যাগ করা নেতাদের মধ্যে রয়েছেন রাঙামাটি জেলা শাখার যুগ্ম সদস্য সচিব উজ্জল চাকমা, সাংগঠনিক সম্পাদক দিবাকর চাকমা ও মিশন চাকমা, সহ-সাংগঠনিক সম্পাদক ঊষাপ্রু মারমা, দপ্তর সম্পাদক প্রনয় বিকাশ চাকমা এবং সদস্য বিনয় চাকমা ও সুলেখা চাকমা। উজ্জল চাকমা তাঁর বিবৃতিতে জানান, এনসিপিকে শুরুতে বহুত্ববাদে বিশ্বাসী একটি শক্তি মনে হলেও বর্তমানে দলটি সেই আদর্শ থেকে বিচ্যুত হয়েছে।
এই বিষয়ে রাঙামাটি জেলা এনসিপির আহ্বায়ক বিপিন জ্যোতি চাকমা জানান, কয়েকজন নেতার পদত্যাগের বিষয়টি তিনি শুনেছেন। তবে এখন পর্যন্ত তাঁর কাছে কোনো আনুষ্ঠানিক বা লিখিত আবেদন পৌঁছায়নি। বিষয়টি সাংগঠনিকভাবে খতিয়ে দেখে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
হাআমা/
