ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে মোজতবা খামেনির নিয়োগকে ইতিবাচকভাবে দেখছেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার প্রভাবশালী সংবাদমাধ্যম ফক্স নিউজের এক অনুষ্ঠানে প্রেসিডেন্টের উদ্ধৃতি দিয়ে এই তথ্য জানানো হয়েছে। ফক্স নিউজের উপস্থাপক ব্রায়ান কিলমিড জানান, মোজতবা খামেনির নাম ঘোষণা হওয়ার পর তিনি ব্যক্তিগতভাবে ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন। সেই আলাপকালে ট্রাম্প তাকে সরাসরি বলেছেন, ‘আমি সন্তুষ্ট নই।’
যদিও এ বিষয়ে ট্রাম্প এখন পর্যন্ত প্রকাশ্যে কোনো বিস্তারিত মন্তব্য করেননি, তবে এর আগে ‘দ্য টাইমস অব ইসরায়েল’কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ নিয়ে কথা বলতে অস্বীকৃতি জানিয়েছিলেন। তখন তিনি কেবল বলেছিলেন, ‘দেখা যাক কী হয়।’ তবে মোজতবা খামেনির ভবিষ্যৎ নিয়ে ট্রাম্পের পূর্ববর্তী একটি হুঁশিয়ারি এখন আলোচনায় উঠে আসছে। এর আগে এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছিলেন, ইরানের পরবর্তী নেতাকে অবশ্যই যুক্তরাষ্ট্রের ‘অনুমোদন’ নিতে হবে। তিনি সতর্ক করে দিয়ে বলেছিলেন, আমাদের অনুমোদন ছাড়া ইরানের নতুন নেতা বেশিদিন টিকতে পারবেন না।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ আকস্মিক হামলায় ইরানের দীর্ঘকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন। তার মৃত্যুর পর থেকে পশ্চিমা ও ইসরায়েলি গণমাধ্যমগুলো তার ছেলে মোজতবা খামেনির স্থলাভিষিক্ত হওয়ার গুঞ্জন প্রকাশ করে আসছিল। অবশেষে গত রোববার (৮ মার্চ) ইরানের ‘অ্যাসেম্বলি অব এক্সপার্টস’ ৫৬ বছর বয়সী মোজতবা খামেনিকে দেশটির নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করে। মোজতবা খামেনি আয়াতুল্লাহ খামেনির দ্বিতীয় পুত্র এবং দেশটির প্রভাবশালী সামরিক বাহিনী রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত।
টিএইচএ/
