একযোগে এনসিপি থেকে পদত্যাগ করলেন ৮৭ নেতাকর্মী

by Abid

রাঙামাটির জুরাছড়ি উপজেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়কসহ কমিটির ৮৭ জন নেতাকর্মী একযোগে দল থেকে পদত্যাগ করেছেন। দলটির সাম্প্রতিক রাজনৈতিক জোট গঠন ও অবস্থানগত পরিবর্তনের কারণে আদর্শিক বিচ্যুতি ঘটেছে দাবি করে তারা এই গণপদত্যাগের সিদ্ধান্ত নেন।

সোমবার (৯ মার্চ) জুরাছড়িতে আয়োজিত এক বিশেষ সভায় উপজেলা কমিটির আহ্বায়ক অসিম চাকমাসহ অন্যান্য সদস্যরা সর্বসম্মতিক্রমে দল ছাড়ার ঘোষণা দেন। ইতোমধ্যে পদত্যাগপত্রটি রাঙামাটি জেলা কমিটির কাছে পাঠানো হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে।

বিজ্ঞাপন
banner

পদত্যাগী নেতারা জানান, জুলাই আন্দোলনের আকাঙ্ক্ষা ও নতুন বাংলাদেশ গড়ার প্রত্যাশা নিয়ে তারা জাতীয় নাগরিক পার্টিতে যোগ দিয়েছিলেন। তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে বড় কোনো রাজনৈতিক দলের সঙ্গে এনসিপির জোটবদ্ধ হওয়ার সিদ্ধান্ত তাদের স্বকীয়তা ও মূল আদর্শের পরিপন্থী বলে মনে করছেন তারা। এ কারণেই তারা সাংগঠনিক সব কার্যক্রম থেকে সরে দাঁড়িয়েছেন। উপজেলা কমিটির যুগ্ম আহ্বায়ক দেবাশীষ চাকমা জানান, গত ১ জানুয়ারি রাঙামাটি জেলা কমিটি জুরাছড়ি উপজেলার জন্য ৮৭ সদস্যের এই কমিটি ছয় মাসের জন্য অনুমোদন দিয়েছিল। কিন্তু পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতির কারণে তারা সম্মিলিতভাবে পদত্যাগের পথ বেছে নিয়েছেন।

গণপদত্যাগের বিষয়ে অসিম চাকমা বলেন, দলের বর্তমান পরিস্থিতিতে আমাদের পক্ষে পূর্বের আদর্শ লালন করা আর সম্ভব হচ্ছে না। তাই ব্যক্তিগত ও সাংগঠনিক দায়বদ্ধতা থেকে আমি রাঙামাটি জেলা আহ্বায়ক কমিটির সদস্য ও জুরাছড়ি উপজেলা আহ্বায়কের পদসহ সব স্তর থেকে পদত্যাগ করেছি।

এদিকে এনসিপির দক্ষিণাঞ্চলের সংগঠক মনজিলা সুলতানা ঝুমা জানিয়েছেন, সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয় সূত্রে তিনি পদত্যাগের খবরটি শুনেছেন। তবে সাংগঠনিক নিয়ম অনুযায়ী জেলা কমিটির কাছে এখনো আনুষ্ঠানিক লিখিতপত্র পৌঁছেছে কি-না তা তিনি নিশ্চিত করতে পারেননি।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222