মুসলিম উম্মাহর স্বার্থ রক্ষায় ঢাকায় সেভ দ্য উম্মাহ’র আত্মপ্রকাশ

by hsnalmahmud@gmail.com

পশ্চিমা সংস্কৃতির সয়লাবের বিপরীতে মুসলিম বিশ্বে বুদ্ধিবৃত্তিক জাগরণে আলেমদের ভূমিকা সময়ের অপরিহার্য দাবি। মুসলমানদের ইমানের মৌলিকত্ব, স্বকীয় মূল্যবোধ ও নিজস্ব সভ্যতা-সংস্কৃতি রক্ষা ও একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় আলেমদের বুদ্ধিবৃত্তিক লড়াইয়ে নেতৃত্ব দিতে হবে।

বুধবার (১১ মার্চ) রাজধানীর ফকিরাপুলে হোটেল সেন্ট্রাল ইনে ‘সেভ দ্য উম্মাহ বাংলাদেশ’ এর আত্মপ্রকাশ ও ইফতার মাহফিলে বক্তারা এসব কথা বলেন।

বিজ্ঞাপন
banner

সংগঠনের প্রেসিডেন্ট ও আরজাবাদ মাদ্রাসার মুহতামিম মাওলানা বাহাউদদীন যাকারিয়ার সভাপতিত্বে ও সেক্রেটারি জেনারেল হাফেজ মাওলানা মাসরুর আহমদের পরিচালনায় অনুষ্ঠিত এ সভায় সম্প্রতি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার ঘটনায় গভীর উদ্বেগ জানানো হয়।

মাওলানা বাহাউদদীন যাকারিয়া বলেন, প্রাথমিকভাবে চিন্তাবৃত্তিক, বুদ্ধিবৃত্তিক ও আধ্যাত্মিকভাবে মুসলমানদের পরাজয় পরবর্তী সব পরাজয়ের সূত্র টেনে আনে। তাই মুসলমানদের মধ্যে চিন্তাবৃত্তিক পুনর্জাগরণই এ থেকে মুক্তির ক্ষেত্রে মুখ্য হয়ে কাজ করবে। বুদ্ধিবৃত্তিক যুদ্ধের ময়দানে দুশমনের মোকাবিলায় সঠিক ইসলামি চেতনার মশালবাহীদের অলসতার সুযোগ নেই। তাদের ভূমিকা ও যথাসাধ্য চেষ্টা জাতির সুন্দর ভবিষ্যত নিশ্চিত করবে। যুক্তি, জ্ঞান, গবেষণা, মনস্তত্ত্ব, ভাষা, ইতিহাস ও বিজ্ঞানের আলোকে ইসলামকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে হবে।

তিনি বলেন, ইসলামের মধ্যপন্থা ও উদারতার আদর্শকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়া নবীজির পক্ষ থেকে আলেমদের ওপর অর্পিত দায়িত্ব। এ জন্য তরুণ আলেমদের সব মত পথের ঊর্ধ্বে উঠে দাওয়াতি মানসিকতায় এক হতে হবে। নতুন প্রজন্মের সামনে পূর্ণভাবে ইসলামের সঠিক শিক্ষা তুলে ধরা সময়ের অপরিহার্য দাবি। বর্তমানে মানুষ সবচেয়ে বেশি উদ্বেগ ও অস্থিরতায় জীবন কাটাচ্ছে। তাই উম্মাহর পথপ্রদর্শক ও নবীর ওয়ারিস হিসেবে আলেমদের কর্তব্য হবে, মানুষকে শান্তি ও প্রশান্তির বার্তা দেওয়া। তাদের আবেগটা অনুভব করা, তাদের সঙ্গে মেশা, তাদের সকল প্রশ্ন ও দ্বিধা দূর করা।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, মাওলানা আবদুল মালিক চৌধুরী, মুফতি ইমরানুল বারী সিরাজী, শায়েখ যোবায়ের গণী, মাওলানা সাইফুদ্দিন ইউছুফ ফাহিম, মুফতি তানজিল আমির, মাওলানা কাউসার আহমদ ও হাবীবুল্লাহ রায়হান প্রমুখ।

বক্তারা বলেন, সম্প্রীতি ও উদারতা ইসলামের অন্যতম প্রধান বৈশিষ্ট্য। তরুণ প্রজন্মের আলেমদের এ বিষয়টি বিষেশভাবে মেনে চলতে হবে। কারণ সহমর্মিতা ও সৌহার্দের পরিবেশ ছাড়া বিস্তৃতভাবে দ্বীনের কাজ করা সম্ভব হয় না। সময়ের বাস্তবতা ও যুগের চ্যালেঞ্জ মোকাবিলায় তরুণ আলেমদের এখন সমাজের সর্বস্তরে ছড়িয়ে পড়তে হবে। তাই কোনো মতাদর্শকেন্দ্রিক চিন্তায় আবদ্ধ না থেকে সবার মাঝে দ্বীনি চেতনা বিস্তারে কাজ করতে হবে।

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222