মোশাররফ হোসাইন
এই দীর্ঘ যাত্রার ক্লান্তি তোমাকে বলবো
পথের গল্প শোনাবো তোমাকে
কবিতার মতো সুন্দর বর্ননায়
তোমাকে সেইসব দৃশ্যের কথাও বলবো
যেগুলো—তুমি মিস—করেছো
তুমি শুধু সুন্দর আর লাস্যময়ী
লজ্জা দিয়ে চুলের বেণী করো
নদীর কথাও বলবো আমি
কীভাবে প্রাচীন বাংলায়
রচিত হয়েছিলো—সুলতান
শামসুদ্দিন ইলিয়াস শাহের শাসন
নুর কুতুবুল আলমের দরগায়
জিকিরের ধ্বনি আমারি
বেদনার্ত—আফসানা
কবি গিয়াসউদ্দিন আজমকে
যে নারীরা গোসল দিয়েছিলো
হাফিজের সেই ব্যাখ্যা তোমাকে
শোনাবো—ধৈর্যশীলা পাশে বসো
পতনের গল্পও কম নয় আমার
আমি তো পতনেরই—সন্তান
উত্থান আর পতনের মধ্য দিয়েই
আমি বসবাস করি—এই বাংলায়
তিন দাসীর গল্পটা নিয়ে যারা
হাসাহাসি করেছিলো—তোমাকে
তাদের কথাও—বলতে চাই
আজমের সম্ভ্রান্ত সুন্দরী দাসীরা
এই দুঃখ কীভাবে সহ্য করেছিলো
তোমাকে তা—জানতে হবে
মৃত্যু-ই তো আর শেষ হতে পারে না
ইতিহাসের পাতা তো আর মুছে না
মানুষের মুখ এক—বহুগামী পাখি
কথা ছড়িয়ে দিতেই খোদার এই আবিষ্কার
পরবর্তীতে পিতার এই দুঃখ হামজা শাহকেও
ব্যথিত করেছিলো—কিনা এই
ঘটনাও আজ আমি তোমাকে বলবো
এসো আরো পাশাপাশি হও আমার
এই বাংলার প্রাচীন জনপদে শিল্পের আবরণে
ছড়িয়ে আছে আজমের সম্ভ্রান্ত সুন্দরী
দাসীদের তুলতুলে লজ্জাময়ী চেহারা, আর
সোনারগাঁ বুকে নিয়ে মোগল সুবাদার
ইসলাম খাঁ চিশতির—এই ভূমিতে
ঘুমিয়ে আছে তিন’শত ষাট আউলিয়া।
এনআর/
