ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌ শাখার প্রধান কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলি রেজা তাংসিরির মৃত্যুর খবর আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে তেহরান।
সোমবার (৩০ মার্চ) বিপ্লবী গার্ডের নিজস্ব সংবাদমাধ্যম ‘সেপা নিউজ’ এক বিবৃতির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করে। বিবৃতিতে জানানো হয়, সাম্প্রতিক একটি বিমান হামলায় গুরুতর আহত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেছেন।
এর আগে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী তাংসিরিকে লক্ষ্য করে একটি সফল বিমান হামলা চালানোর দাবি করেছিল। তবে এতদিন ইরানের পক্ষ থেকে বিষয়টি নিয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। আজ সেপা নিউজের প্রতিবেদনে জানানো হয়, ইসরায়েলি হামলায় তিনি মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হয়েছিলেন এবং শেষ পর্যন্ত ক্ষত কাটিয়ে উঠতে না পেরে মারা যান। তাংসিরির মৃত্যু মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতিতে ইরানের সামরিক শক্তির জন্য একটি বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।
আলি রেজা তাংসিরি দীর্ঘ সময় ধরে পারস্য উপসাগর এবং হরমুজ প্রণালীতে ইরানের নৌবাহিনীর কার্যক্রম তদারকি করে আসছিলেন। বিশেষ করে ওই অঞ্চলে মার্কিন ও ইসরায়েলি প্রভাব মোকাবিলায় তার ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার মৃত্যুর ঘটনায় ইরানের পক্ষ থেকে কঠোর প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হতে পারে বলে ধারণা করছেন আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকরা। তেহরানের পক্ষ থেকে তার জানাজা ও দাফন প্রক্রিয়ার বিষয়ে বিস্তারিত তথ্য শিগগিরই জানানো হবে বলে উল্লেখ করা হয়েছে।
টিএইচএ/
