তিন মাসের জ্বালানি মজুত নিশ্চিত করছে সরকার, কৃত্রিম সংকট রোধে কঠোর ব্যবস্থা

by Abid

দেশে জ্বালানি তেলের সংকট মোকাবিলায় আগামী তিন মাসের মজুত নিশ্চিত করার লক্ষ্যে সরকার নিবিড়ভাবে কাজ করছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

রোববার (৫ এপ্রিল) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই তথ্য জানান। প্রতিমন্ত্রী বলেন, বৈশ্বিক পরিস্থিতির কারণে অনেক সরবরাহকারী প্রতিষ্ঠান ‘ফোর্স মেজর’ ঘোষণা করায় জ্বালানি সংগ্রহে নতুন উৎস অনুসন্ধান করতে হয়েছে এবং বর্তমানে বেশ কিছু ভালো সোর্সের সঙ্গে সরকার চুক্তিবদ্ধ হয়েছে।

বিজ্ঞাপন
banner

প্রতিমন্ত্রী জানান, এপ্রিল মাসের ডিজেলের চাহিদা পূরণের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। এছাড়া পেট্রল ও অকটেনের ক্ষেত্রে আগামী তিন মাসের জন্য প্রয়োজনীয় মজুত নিশ্চিত করা হয়েছে। তবে বাজারে কৃত্রিম সংকট তৈরির অপচেষ্টায় লিপ্ত কিছু অসাধু চক্রের বিষয়ে তিনি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন। অনিন্দ্য ইসলাম বলেন, “কিছু জায়গায় অসৎ উদ্দেশ্যে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা চলছে। এসব অপতৎপরতার বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নেবে।” আজ সকালেই দেশের ৬৪ জেলার জেলা প্রশাসকদের সঙ্গে ভার্চ্যুয়াল বৈঠক করে সরবরাহ ব্যবস্থা মসৃণ করার নির্দেশ দেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

পেট্রল পাম্পে দীর্ঘ লাইনের বিষয়ে এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে যে লাইন দেখা যাচ্ছে তা মূলত অকটেন ও ডিজেলের জন্য, যা মোট চাহিদার মাত্র ১২ শতাংশ। বাকি ৮৮ শতাংশ চাহিদা স্বাভাবিকভাবেই পূরণ হচ্ছে। তিনি জনগণকে আতঙ্কিত না হয়ে দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়ে বলেন, প্রত্যেকে যদি নিজের প্রয়োজন অনুযায়ী জ্বালানি ব্যবহার করি, তবে এই দীর্ঘ লাইন থাকবে না। প্রতিমন্ত্রী আরও জানান, শুধু জ্বালানি আমদানি করলেই হবে না, বরং সংরক্ষণের সক্ষমতাও বাড়াতে হবে। এ লক্ষ্যে বিএডিসি, রেলওয়ে এবং বেসরকারি খাতের পাওয়ার প্ল্যান্টগুলোর অব্যবহৃত স্টোরেজ ক্যাপাসিটি ব্যবহারের পরিকল্পনা নেওয়া হয়েছে।

রাশিয়া থেকে তেল আমদানির বিষয়ে অগ্রগতির কথা জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ওয়াশিংটনে মার্কিন জ্বালানি মন্ত্রীর সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর অত্যন্ত ফলপ্রসূ বৈঠক হয়েছে। রাশিয়া থেকে তেল কেনার ক্ষেত্রে নিষেধাজ্ঞা প্রত্যাহারের অনুরোধটি যুক্তরাষ্ট্র ইতিবাচকভাবে বিবেচনা করার আশ্বাস দিয়েছে। যদিও এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে সরকার এ বিষয়ে যথেষ্ট আশাবাদী। পরিশেষে প্রতিমন্ত্রী আশ্বস্ত করেন যে, এপ্রিল মাসের জন্য ডিজেল, পেট্রল, অকটেনসহ সব ধরনের জ্বালানির পর্যাপ্ত মজুত রয়েছে এবং সম্মিলিত প্রচেষ্টায় এই সাময়িক সংকট দ্রুত কাটিয়ে ওঠা সম্ভব হবে।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222