ধর্ম অবমাননার মামলায় বাউল শিল্পী আবুল সরকারকে জামিন দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে তাকে কেন স্থায়ী জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুলও জারি করেছেন আদালত।
সোমবার (৬ এপ্রিল) বিচারপতি আতোয়ার রহমান ও বিচারপতি সগীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ প্রদান করেন। এর আগে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে করা পৃথক দুটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছিল। হাইকোর্টের এই আদেশের ফলে তার কারামুক্তিতে আর কোনো আইনি বাধা নেই বলে সংশ্লিষ্ট আইনজীবীরা জানিয়েছেন।
উল্লেখ্য, গত বছরের ২০ নভেম্বর রাতে মাদারীপুরের একটি গানের আসর থেকে বাউল আবুল সরকারকে আটক করে মানিকগঞ্জ ডিবি পুলিশের একটি দল। পরদিন ঘিওর বন্দর মসজিদের ইমাম মুফতি মো. আবদুল্লাহ বাদী হয়ে আবুল সরকারকে একমাত্র আসামি করে ঘিওর থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে মানিকগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এরপর গত ১ ডিসেম্বর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালতে ডা. মো. মাহফুজুর রহমান নামের এক চিকিৎসক বাদী হয়ে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে আরও একটি মামলা করেন। বাদী ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের নিউরোট্রমা সার্জারি বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত।
মামলার এজাহার ও অভিযোগ সূত্রে জানা গেছে, মানিকগঞ্জের একটি মেলার মঞ্চে গান পরিবেশনের সময় আবুল সরকার মহান আল্লাহকে নিয়ে অশ্রদ্ধা ও কটূক্তিপূর্ণ মন্তব্য করেছেন। বাদীর দাবি, শিল্পীর এমন বক্তব্য তার ব্যক্তিগত ও সামষ্টিক ধর্মীয় অনুভূতিতে চরম আঘাত হেনেছে। এই প্রেক্ষিতে দণ্ডবিধির ১৮৬০-এর ২৯৫ এবং ২৯৫ (ক) ধারায় তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়। দীর্ঘ শুনানির পর উচ্চ আদালত আজ তার জামিন মঞ্জুর করেন। আদালত একইসঙ্গে এই বাউল শিল্পীর স্থায়ী জামিন বিষয়ে রুল জারি করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জবাব দিতে নির্দেশ দিয়েছেন।
টিএইচএ/
