হাম ও উপসর্গে আক্রান্ত ২৮ হাজার, আরও ৫ শিশুর মৃত্যু

by naymurbd1999@gmail.com

নিজস্ব প্রতিবেদক :: ২৮ হাজার ছাড়িয়েছে হাম ও উপসর্গে আক্রান্ত শিশু। দেশে আশঙ্কাজনক হারে বাড়ছে হামের সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় সারা দেশে নিশ্চিত হামে একজন এবং হামের উপসর্গ নিয়ে আরও চারজনসহ মোট পাঁচজনের মৃত্যু হয়েছে।

গত ১৫ মার্চ থেকে ২৩ এপ্রিল পর্যন্ত দেড় মাসে সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৩৩৪ জনে।

বিজ্ঞাপন
banner

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ হাজার ১৭০ জন। আর ১৫ মার্চ থেকে ২৩ এপ্রিল পর্যন্ত এই সংখ্যা ২৮ হাজার ৩৩৪ জন।

একই সময়ে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ১২৫ জন। ১৫ মার্চ থেকে ২৩ এপ্রিল পর্যন্ত মোট নিশ্চিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৫৯ জন।

১৫ মার্চ থেকে ২৩ এপ্রিল পর্যন্ত সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৮ হাজার ৮৪৫ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১৫ হাজার ৭২৮ জন।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে ২৩ এপ্রিল পর্যন্ত নিশ্চিত হামে মোট ৩৯ জনের মৃত্যু হলো।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, একই সময়ে হাম সন্দেহে মৃত্যু হয়েছে ১৯৪ জনের। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন চারজন।

স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, হাম অত্যন্ত সংক্রামক একটি ভাইরাসজনিত রোগ। শিশুদের মধ্যে এর প্রকোপ বেশি হলেও যে কেউ এতে আক্রান্ত হতে পারেন। হঠাৎ জ্বর, শরীরে লালচে দানা বা র‍্যাশ, চোখ লাল হওয়া এবং কাশির মতো উপসর্গ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে।

এ ছাড়া শিশুদের নিয়মিত টিকাদান কর্মসূচি সম্পন্ন করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেছে স্বাস্থ্য অধিদফতর।

 

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222