৬৯ বছর বয়সে মানিকগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক শিক্ষা উপমন্ত্রী গোলাম সারোয়ার মিলন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)।
রোববার (২৬ এপ্রিল) ফজরের নামাজের পর তিনি ঢাকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
গোলাম সারোয়ার মিলন দেশের রাজনীতিতে দীর্ঘদিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি ১৯৮৬-৮৭ সালে শিক্ষা উপমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন এবং ১৯৮৬-৯০ মেয়াদে মানিকগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ছিলেন।
এছাড়া, তিনি মানিকগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন।
রাজনৈতিক জীবনের শুরুতে তিনি জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাতা কেন্দ্রীয় সভাপতি (১৯৮১-৮২) ছিলেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন সক্রিয় ছাত্রনেতা হিসেবে পরিচিতি লাভ করেন।
পরবর্তীতে তিনি জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি বাংলাদেশ জনতা পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্বে ছিলেন।
ব্যক্তিগত জীবনে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ তার আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
হাআমা/
