বিক্ষোভে উত্তাল ভারতের মণিপুর: পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত অন্তত ৩০

by Abid

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুর আবারও উত্তপ্ত হয়ে উঠেছে। ইম্ফলে সরকারি জবাবদিহিতার দাবিতে আয়োজিত এক বিক্ষোভ কর্মসূচিতে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে।

শনিবার (২৫ এপ্রিল) দিনভর চলা এই অনাকাঙ্ক্ষিত সংঘাত ও পুলিশের লাঠিচার্জে অন্তত ৩০ জন বিক্ষোভকারী আহত হয়েছেন বলে জানা গেছে। উদ্ভূত পরিস্থিতিতে পুরো রাজ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

বিজ্ঞাপন
banner

জানা যায়, ‘কো-অর্ডিনেটিং কমিটি অন মণিপুর ইন্টেগ্রিটি’ বা কোকোমি-এর আহ্বানে ইম্ফলের আটটি ভিন্ন স্থান থেকে একযোগে এই বিক্ষোভ মিছিল শুরু হয়। আন্দোলনকারীদের মূল লক্ষ্য ছিল শহরের কেন্দ্রস্থল অতিক্রম করে মুখ্যমন্ত্রী এন. বীরেন সিংয়ের সরকারি বাসভবনে গিয়ে স্মারকলিপি প্রদান করা।

তাদের প্রধান দাবিসমূহের মধ্যে রয়েছে, সাম্প্রতিক জাতিগত সহিংসতার অবসান, বাস্তুচ্যুতদের দ্রুত পুনর্বাসন নিশ্চিত করা, মাদক ও সন্ত্রাসবাদের অভিযোগের যথাযথ সুরাহা এবং নিরাপত্তা বাহিনীর গুলিতে সাধারণ মানুষের মৃত্যুর ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত। এছাড়া কুকি বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে সরকারের ‘সাসপেনশন অব অপারেশন’ চুক্তি বাতিলের দাবিও জোরালোভাবে উত্থাপন করেন কোকোমি নেতৃবৃন্দ। তাদের অভিযোগ, ইতিপূর্বে বারবার স্মারকলিপি দিলেও রাজ্য ও কেন্দ্রীয় সরকার এ বিষয়ে কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করেনি।

শহরের কেন্দ্রীয় ইম্ফলের ওভারব্রিজ এলাকায় বিক্ষোভ মিছিলটি পৌঁছালে পরিস্থিতির নিয়ন্ত্রণ হারায়। পুলিশ আন্দোলনকারীদের রাস্তা থেকে সরে যাওয়ার নির্দেশ দিলে তারা তা উপেক্ষা করে ব্যারিকেড ভাঙার চেষ্টা করে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ব্যাপক টিয়ার শেল বা কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। সংঘর্ষের রেশ ইমা কেইথেল বাজার এবং আলু গলি এলাকায় ছড়িয়ে পড়লে জনমনে আতঙ্ক দেখা দেয়। বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে নিরাপত্তা বাহিনী বেশ কয়েকজন বিক্ষোভকারীকে আটক করেছে।

এ বিষয়ে রাজ্য সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী গোবিন্দাস কনথৌজাম সংবাদমাধ্যমকে জানান, সরকার আলোচনার জন্য একাধিকবার কোকোমিকে আমন্ত্রণ জানিয়েছিল, কিন্তু তারা তাতে সাড়া দেয়নি। তিনি আশা করেছিলেন যে বিক্ষোভটি শান্তিপূর্ণ হবে, কিন্তু বিভিন্ন স্থানে পুলিশের ওপর হামলার চেষ্টা ও উত্তেজনা তৈরি হওয়ায় এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হয়েছে। উল্লেখ্য, ২০২৩ সালের মে মাস থেকে মণিপুরে মেইতেই ও কুকি সম্প্রদায়ের মধ্যে চলমান রক্তক্ষয়ী সংঘর্ষে এখন পর্যন্ত অন্তত ২৬০ জনের মৃত্যু হয়েছে এবং ৬০ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। দীর্ঘস্থায়ী এই অস্থিরতার মাঝে নতুন করে এই সংঘাত রাজ্যটির রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতিকে আবারও চরম অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222