ইসলাম ডেস্ক :: জনপ্রিয় ইসলামি আলোচক ড. মিজানুর রহমান আজহারীর প্রতিষ্ঠিত ‘হাসানাহ ফাউন্ডেশন’ হজযাত্রীদের সেবায় চালু করেছে ‘হজ হেল্প ডেস্ক’। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে এ বছর যারা পবিত্র হজ পালন করতে যাচ্ছেন, তারা বিশেষ পরামর্শ সেবা গ্রহণ করতে পারবেন। হজযাত্রীরা যেন সম্পূর্ণ সুন্নাহসম্মত ও ত্রুটিমুক্তভাবে হজ সম্পাদন করতে পারেন, সেই লক্ষ্যে ‘হাসানাহ হজ হেল্প ডেস্ক’ নামে এই কার্যক্রম শুরু করা হয়েছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এই উদ্যোগের কথা জানান ড. মিজানুর রহমান আজহারী।
ফেসবুক পোস্টে আজহারী কবুল হজের গুরুত্ব তুলে ধরে বলেন, নবীজি (স.) বলেছেন- ‘মাবরুর হজের প্রতিদান জান্নাত ব্যতীত আর কিছুই নয়।’ (সহিহ মুসলিম: ১৩৪৯) তিনি আরও উল্লেখ করেন, হজ তখনই ‘মাবরুর’ বা কবুল হিসেবে গণ্য হবে, যখন তা সঠিকভাবে সুন্নাহসম্মত পদ্ধতিতে আদায় করা হবে। হজযাত্রীদের হজ যেন সামান্য কোনো অসঙ্গতির কারণে ত্রুটিযুক্ত না হয়, সেই লক্ষ্যেই হাসানাহ ফাউন্ডেশন এই সেবা নিয়ে এসেছে।
যেভাবে পরামর্শ পাওয়া যাবে : হজ সংক্রান্ত যেকোনো শরঈ জিজ্ঞাসার সঠিক ও সুন্নাহসম্মত সমাধান পেতে হজযাত্রীরা নিম্নোক্ত মাধ্যমে প্রশ্ন পাঠাতে পারবেন-
এছাড়াও হাসানাহ ফাউন্ডেশনের অফিসিয়াল ফেসবুক পেজের ইনবক্স এবং নিয়মিত আয়োজিত ফেসবুক লাইভ সেশনে সরাসরি কমেন্ট বা ফোনকলের মাধ্যমেও প্রশ্ন করার সুযোগ থাকবে।
ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিজ্ঞ আলেম ও গবেষকদের সমন্বয়ে গঠিত একটি দক্ষ প্যানেল এই হেল্প ডেস্ক পরিচালনা করছে। তারা হজযাত্রীদের তাৎক্ষণিক ও নির্ভরযোগ্য শরঈ সমাধান প্রদান করবেন যাতে হাজিরা নিশ্চিন্তে ইবাদত সম্পন্ন করতে পারেন।
