মস্কোয় অনুষ্ঠিত বৈঠকে আফগানিস্তানের সঙ্গে বিদ্যুৎ ও জ্বালানি খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও সম্প্রসারণের প্রতিশ্রুতি দিয়েছে রাশিয়া।
মঙ্গলবার (২৮ এপ্রিল) আরিয়ানা নিউজে এ খবর বলা হয়েছে।
আরিয়ানা জানায়, আফগানিস্তানের বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান দা আফগানিস্তান ব্রেশনা শেরকাত (ডিএবিএস) জানিয়েছে, প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল হক হামকার রাশিয়ায় নিযুক্ত আফগান রাষ্ট্রদূত গুল হাসান হাসান-কে সঙ্গে নিয়ে রাশিয়ার উপ-জ্বালানিমন্ত্রী ভ্লাদিমির খাজভ-এর সঙ্গে বৈঠক করেন।
বৈঠকে বিদ্যুৎ উৎপাদন, বিদ্যুৎ অবকাঠামো উন্নয়ন এবং সামগ্রিক জ্বালানি খাতে যৌথ উদ্যোগ ও ভবিষ্যৎ বিনিয়োগ সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
ডিএবিএস প্রধান হামকার বলেন, আফগানিস্তানের জন্য বিদ্যুৎ উন্নয়ন এবং সরবরাহ সক্ষমতা বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ অগ্রাধিকার। এ লক্ষ্য অর্জনে রাশিয়ার সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী করা প্রয়োজন।
রাশিয়ার কর্মকর্তারা আফগান প্রতিনিধিদলকে স্বাগত জানান এবং কাবুলের সঙ্গে গভীরতর সহযোগিতার প্রতি মস্কোর অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তারা জানান, আফগানিস্তানের সঙ্গে জ্বালানি ও অর্থনৈতিক সম্পৃক্ততা রাশিয়ার আঞ্চলিক কৌশলের গুরুত্বপূর্ণ অংশ।
উপ-মন্ত্রী খাজভ বলেন, বিদ্যুৎ সঞ্চালন, উৎপাদন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ প্রকল্পে সহযোগিতা বাড়াতে কাজ অব্যাহত রয়েছে।
এছাড়া আফগান প্রতিনিধিদল কেবল বাণিজ্য নয়, প্রযুক্তিগত সহায়তা, অবকাঠামো উন্নয়ন, প্রকৌশল সহায়তা এবং দীর্ঘমেয়াদি জ্বালানি পরিকল্পনায়ও সহযোগিতা বিস্তারের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে। একইসঙ্গে তারা আফগানিস্তানের সঙ্গে রাশিয়ার ধারাবাহিক সম্পৃক্ততার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
প্রতিনিধিদলে আরও ছিলেন পরিকল্পনা পরিচালক নাসের আহমাদি, বিনিয়োগ সমন্বয় পরিচালক ফরিদুল্লাহ শরাফমাল এবং পরিচালনা উপ-পরিচালক ইমাল শিনওয়ারি।
এই আলোচনা আফগানিস্তানের অভ্যন্তরীণ বিদ্যুৎ সক্ষমতা বৃদ্ধি, অবকাঠামো আধুনিকীকরণ এবং ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা পূরণে আন্তর্জাতিক বিনিয়োগ আকর্ষণের বৃহত্তর উদ্যোগের অংশ হিসেবে দেখা হচ্ছে। সূত্র: আরিয়ানা নিউজ
অনুবাদ: আমানুল্লাহ নাবিল
হাআমা/
