আন্তর্জাতিক ডেস্ক :: মুসলিম বিশ্বের চলমান সংকট, বিভাজন এবং ঐক্যের প্রয়োজনীয়তা নিয়ে উচ্চপর্যায়ের এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে। বৈঠকে ফিলিস্তিনি জনগণের ন্যায্য অধিকার আদায়ের প্রতি আন্তর্জাতিক সমর্থন পেতে কাজ করার অঙ্গীকার করেন নেতারা।
দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইবরাহিম তার কার্যালয়ে আন্তর্জাতিক মুসলিম আলেমদের অন্যতম প্রভাবশালী সংগঠন ‘ইন্টারন্যাশনাল ইউনিয়ন অব মুসলিম স্কলার্স’-এর সহ-সভাপতি ও বিশিষ্ট আলেম শায়েখ মুহাম্মদ হাসান দেদেউয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
প্রায় এক ঘণ্টাব্যাপী এই বৈঠকে মুসলিম উম্মাহর সামনে থাকা বহুমাত্রিক চ্যালেঞ্জ নিয়ে গভীর ও আন্তরিক আলোচনা হয়। বৈশ্বিক অস্থিরতা, রাজনৈতিক বিভাজন এবং আঞ্চলিক সংঘাতের প্রেক্ষাপটে কীভাবে শান্তি, স্থিতিশীলতা ও ঐক্য প্রতিষ্ঠা করা যায়—তা ছিল আলোচনার মূল প্রতিপাদ্য।
বৈঠকে মালয়েশিয়া তার কূটনৈতিক ও নৈতিক অবস্থান থেকে মুসলিম বিশ্বের বিভিন্ন গোষ্ঠীর মধ্যে সংলাপ, সহমর্মিতা এবং পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধিতে সক্রিয় ভূমিকা রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে। একইসঙ্গে আন্তর্জাতিক মুসলিম আলেম সংঘের সঙ্গে যৌথ উদ্যোগে কাজ করার সম্ভাবনাও গুরুত্বসহকারে আলোচিত হয়। শায়েখ তাঁর বক্তব্যে সংঘের মধ্যস্থতা ও মীমাংসা কার্যক্রমের অভিজ্ঞতা তুলে ধরেন।
বৈঠকে ফিলিস্তিন ইস্যুসহ মুসলিম বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ও উঠে আসে। ফিলিস্তিনি জনগণের ন্যায্য অধিকার আদায় এবং তাদের প্রতি আন্তর্জাতিক সমর্থন জোরদারে সম্মিলিতভাবে কাজ করার ওপর উভয় পক্ষ বিশেষ গুরুত্বারোপ করেন। (সূত্র: আন্তর্জাতিক মুসলিম আলেম সংঘ)
