লোহিত সাগরের বাব এল-মান্দেব প্রণালি কার্যত অচল করে রেখেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। গুরুত্বপূর্ণ ওই পথে হামলা ও উত্তেজনা ঠেকাতে ইরানের সহায়তা চেয়েছেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। বুধবার (১২ আগস্ট) ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে ফোনালাপে তিনি এ আহ্বান জানান। তবে ইরান এখনও এ বিষয়ে কোনো জবাব দেয়নি।
জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ের তথ্য অনুযায়ী, হুথিদের ওপর ইরানের প্রভাব কাজে লাগিয়ে তাদের সংযত রাখতে এবং বাব এল-মান্দেব প্রণালিতে জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে তেহরানের প্রতি আহ্বান জানান তাকাইচি।
ফোনালাপে হরমুজ প্রণালি নিয়ে ইরান ও ওমানের মধ্যে চলমান আলোচনার অগ্রগতিকেও স্বাগত জানান জাপানের প্রধানমন্ত্রী। আলোচনায় সফলতা এলে কৌশলগত গুরুত্বপূর্ণ এই নৌপথটি যত দ্রুত সম্ভব পুনরায় খুলে দেওয়ার আশা প্রকাশ করেন তিনি।
একই সঙ্গে অতিরিক্ত কোনো ফি ছাড়াই হরমুজে জাহাজ চলাচল নিরাপদ ও অবাধ রাখার ওপর গুরুত্ব দেন তাকাইচি।
আঞ্চলিক সংকট নিরসনে কূটনৈতিক প্রচেষ্টার প্রতিও জাপানের সমর্থন পুনর্ব্যক্ত করেন তিনি। তাকাইচির মতে, কূটনৈতিকভাবে যুদ্ধের অবসান ঘটানো ইরানসহ পুরো অঞ্চলের দীর্ঘমেয়াদি স্বার্থে গুরুত্বপূর্ণ।
জবাবে পেজেশকিয়ান জাপানের কূটনৈতিক প্রচেষ্টার প্রশংসা করেন এবং যুদ্ধ অবসানে উদ্যোগের প্রতি টোকিওর সমর্থনের জন্য তাকাইচিকে ধন্যবাদ জানান। তিনি বলেন, ইরান কখনোই এ অঞ্চলে অস্থিতিশীলতা চায়নি।
ইরানের প্রেসিডেন্ট আরও দাবি করেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের বিরুদ্ধে আগ্রাসনের মাধ্যমে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা ক্ষতিগ্রস্ত করেছে। ইরান আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেনি এবং প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে বলেও দাবি করেন তিনি।
