সাপ্লিমেন্ট আমদানিতে ঔষধ প্রশাসনের অনুমতি বাধ্যতামূলক: বাংলাদেশ ব্যাংক

by Abid

ঔষধ প্রশাসন অধিদপ্তরের পূর্বানুমোদন ছাড়া এখন থেকে ডায়েটারি সাপ্লিমেন্টসহ এ জাতীয় কোনো পণ্য আমদানির জন্য ঋণপত্র বা এলসি (LC) খুলতে পারবে না ব্যাংকগুলো।

বুধবার (২৯ এপ্রিল) বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে দেশের সব তফসিলি ব্যাংককে এ নির্দেশনা প্রদান করেছে। মূলত ঔষধ প্রশাসন অধিদপ্তরের পাঠানো এক দাফতরিক চিঠির প্রেক্ষিতে কেন্দ্রীয় ব্যাংক এই কঠোর অবস্থান গ্রহণ করেছে, যার লক্ষ্য হলো জনস্বাস্থ্য রক্ষা এবং আইনের সঠিক প্রয়োগ নিশ্চিত করা।

বিজ্ঞাপন
banner

বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে পাঠানো চিঠিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে, ঔষধ ও কসমেটিকস আইন-২০২৩ অনুযায়ী ডায়েটারি সাপ্লিমেন্ট, হারবাল সাপ্লিমেন্ট, নিউট্রিশনাল সাপ্লিমেন্ট, মেডিকেল নিউট্রিশন থেরাপিউটিক নিউট্রিশন এবং সম্পূরক পথ্যজাতীয় পণ্যের উৎপাদন, আমদানি, রপ্তানি, বিক্রয় ও বিতরণ কার্যক্রম পরিচালনা করতে ঔষধ প্রশাসন অধিদপ্তরের নিবন্ধন অথবা পূর্বানুমোদন গ্রহণ করা বাধ্যতামূলক। এর ফলে এখন থেকে ব্যাংকগুলো সংশ্লিষ্ট আমদানিকারকদের কাছে অধিদপ্তরের বৈধ নথিপত্র ছাড়া এলসি কিংবা টিটি (টেলিগ্রাফিক ট্রান্সফার) সুবিধা প্রদান করতে পারবে না।

অভিযোগ রয়েছে যে, এক শ্রেণির ব্যবসায়ী ঔষধ প্রশাসনের অনুমোদন ছাড়াই বিভিন্ন দেশ থেকে এসব সাপ্লিমেন্ট পণ্য আমদানি করে আসছিলেন। নিবন্ধন না থাকায় কাস্টমস কর্তৃপক্ষ এসব পণ্য খালাসে বাধা দিলে আমদানিকারকরা হাইকোর্টে পৃথক রিট পিটিশন দায়ের করেন। এর পরিপ্রেক্ষিতে আদালত পণ্য খালাসের নির্দেশনা দিলেও পরবর্তীতে কাস্টমস কর্তৃপক্ষ সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল করে। আপিল বিভাগ শেষ পর্যন্ত প্রচলিত আইন ও শর্ত মেনে পণ্য খালাসের চূড়ান্ত নির্দেশনা প্রদান করে। এমতাবস্থায় আমদানির শুরুতেই নিয়ন্ত্রণ নিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর। এই নির্দেশনার ফলে সাপ্লিমেন্ট আমদানিতে বিশৃঙ্খলা কমবে এবং মানহীন পণ্যের বাজারজাতকরণ রোধ করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222