বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র আবার চালু

by Tahsan Arif

দিনাজপুর প্রতিনিধি :: বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র আবার চালু করেছে কর্তৃপক্ষ। ছয় দিন বন্ধ থাকার পর দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট আবারও বিদ্যুৎ উৎপাদন শুরু করেছে।

শুক্রবার (১ মে) সন্ধ্যায় কেন্দ্রটির সহকারী প্রধান প্রকৌশলী মোহসিনুল ফিরোজ বিষয়টি নিশ্চিত করেন। এর আগে একই দিন ভোর সাড়ে ৪টার দিকে ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ইউনিটটি পুনরায় চালু করা হয়।

বিজ্ঞাপন
banner

বর্তমানে এই ইউনিট থেকে প্রায় ৫৫ থেকে ৬০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে বলে কেন্দ্র কর্তৃপক্ষ জানিয়েছে।

এর আগে গত ২৫ এপ্রিল বয়লারের পাইপ ফেটে যাওয়ার কারণে ইউনিটটির উৎপাদন বন্ধ হয়ে যায়। মেরামতকাজ শেষ হওয়ার পর এখন আবার বিদ্যুৎ উৎপাদন স্বাভাবিক হয়েছে।

জানা যায়, ২০০৬ সালে পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লাখনির কয়লার ব্যবহার নিশ্চিত করতে ৫২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন এই তাপবিদ্যুৎ কেন্দ্র চালু করা হয়। শুরুতে দুটি ১২৫ মেগাওয়াট ইউনিট দিয়ে উৎপাদন শুরু হলেও ২০১৭ সালে আরও একটি ২৭৫ মেগাওয়াট ইউনিট যুক্ত হয়। তবে বিভিন্ন যান্ত্রিক জটিলতার কারণে কেন্দ্রটি কখনোই পূর্ণ সক্ষমতায় ধারাবাহিকভাবে উৎপাদন করতে পারেনি।

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের সহকারী প্রধান প্রকৌশলী মোহসিনুল ফিরোজ জানান, ১ নম্বর ইউনিট চালু হওয়ার পাশাপাশি ৩ নম্বর ইউনিটের ওভারহোলিং কাজ চলছে। চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান আশা করছে, আগামী ১৫ মে’র মধ্যে এই ইউনিটটিও চালু করা সম্ভব হবে। এতে বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি আরও উন্নত হবে।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222