অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে হাওর অঞ্চলে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস মেয়াদী বিশেষ সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন মৎস্য, প্রাণিসম্পদ ও কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
রোববার (৩ মে) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। মন্ত্রী বলেন, হাওরে কিছু ফসল নষ্ট হলেও তা খুব বড় কোনো বিপর্যয় নয়। তবে ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসনে সরকার খাদ্য সহায়তা প্রদান করবে। ভবিষ্যতে ক্ষয়ক্ষতি কমাতে টেকসই বেড়িবাঁধ নির্মাণসহ স্থায়ী ব্যবস্থা গ্রহণের কাজ চলছে বলেও তিনি উল্লেখ করেন।
সংবাদ সম্মেলনে আসন্ন ঈদুল আযহা ২০২৬-এর প্রস্তুতি নিয়েও কথা বলেন মন্ত্রী। তিনি জানান, চলতি বছর দেশে ১ কোটি ২৩ লাখ ৩৩ হাজারেরও বেশি কোরবানিযোগ্য গবাদিপশু প্রস্তুত রয়েছে। চাহিদার তুলনায় সরবরাহ প্রায় ২২ লাখ বেশি হওয়ায় পশুর কোনো সংকট হবে না।
পশুবাহী ট্রাকে চাঁদাবাজি বন্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনী ইতোমধ্যে অভিযান শুরু করেছে। এছাড়া সীমান্ত দিয়ে অবৈধ পশুর অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি ও পুলিশ কঠোর নজরদারি করবে। অনলাইনে পশু কেনাবেচায় কোনো হাসিল দিতে হবে না বলেও জানান তিনি।
টিএইচএ/
