পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ভোট গণনা চলাকালীন বিভিন্ন প্রান্ত থেকে রাজনৈতিক সংঘর্ষ ও সহিংসতার খবর পাওয়া গেছে।
সোমবার (৪ মে) সকাল থেকে একাধিক জেলায় তৃণমূল কংগ্রেস ও ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয়েছে, তৃণমূলের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত অঞ্চলগুলোতে বিজেপির শক্ত অবস্থানের খবর ছড়িয়ে পড়তেই উত্তেজনা চরমে পৌঁছায়। বিশেষ করে ব্যারাকপুর, কোচবিহার ও বাঁকুড়ায় পরিস্থিতি সবচেয়ে বেশি উত্তপ্ত হয়ে উঠেছে।
উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরে ভোট গণনা কেন্দ্রের কাছেই তৃণমূল প্রার্থীর ওপর হামলার অভিযোগ উঠেছে বিজেপি এজেন্টদের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে নির্বাচন কমিশনে জরুরি রিপোর্ট জমা দেওয়া হয়েছে। অন্যদিকে, উত্তরবঙ্গের কোচবিহার জেলার দিনহাটায় তৃণমূলের দলীয় কার্যালয়ে ভাঙচুরের অভিযোগকে কেন্দ্র করে রণক্ষেত্রে পরিণত হয় রাজপথ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে লাঠিচার্জ করতে হয়েছে বলে জানিয়েছেন ডিআইজি অঞ্জলি সিং। তৃণমূল দাবি করেছে, গণনায় পরাজয়ের আভাস পেয়ে বিজেপি কর্মীরা পরিকল্পিতভাবে তাদের ওপর হামলা চালাচ্ছে।
একইভাবে বাঁকুড়া জেলায় কাউন্টিং সেন্টার বা ভোট গণনা কেন্দ্রের চত্বরে তৃণমূল ও বিজেপির সমর্থকদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের খবর পাওয়া গেছে। দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ করেছে। এই সহিংসতায় বেশ কয়েকজন সমর্থক আহত হয়েছেন বলে জানা গেছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে অনেক জায়গায় অতিরিক্ত আধাসামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। তবে চলমান এই সহিংসতা ও অভিযোগের বিষয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। নির্বাচন কমিশনের পক্ষ থেকে শান্তিপূর্ণভাবে গণনা শেষ করতে রাজনৈতিক দলগুলোকে সংযত থাকার আহ্বান জানানো হয়েছে।
টিএইচএ/
