শিক্ষার্থীদের নামাজ ও তাকওয়া অবলম্বনের আহ্বান মাওলানা হাকিম উদ্দিন কাসেমীর

by Abid

৩৬ নিউজ ডেস্ক: ভারতের উত্তরপ্রদেশের মুজাফফরনগর জেলাধীন খড্ডা নগলার মাদ্রাসা ইয়াসিনিয়া সিরাজুল উলুমে এক ইসলাহি মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার (৪ মে) এশার নামাজের পর আয়োজিত এই সভায় জমিয়তে উলামায়ে হিন্দের সাধারণ সম্পাদক মাওলানা হাকিমউদ্দিন কাসেমী শিক্ষার্থীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করেন।

তিনি তার বক্তব্যে শিক্ষার্থীদের সর্বদা বাওজু (অজুসহ) থাকা, পাঁচ ওয়াক্ত নামাজের পাবন্দি এবং ধৈর্য ও সাহসের সাথে জীবন গড়ার আহ্বান জানান। মাওলানা কাসেমী বলেন, নবী মুহাম্মদ (সা.)-এর জীবন ছিল ত্যাগ ও ধৈর্যের উজ্জ্বল দৃষ্টান্ত। মক্কা থেকে তায়েফ পর্যন্ত তিনি যে অমানবিক নির্যাতনের শিকার হয়েছেন, তার মাঝেও তিনি সত্যের পথ থেকে বিচ্যুত হননি। হিজরতের ইতিহাস আমাদের শেখায় যে, দ্বীনের জন্য যেকোনো ত্যাগ স্বীকার করতে মুমিন সর্বদা প্রস্তুত থাকে।

বিজ্ঞাপন
banner

অনুষ্ঠানে মাওলানা হাকিমউদ্দিন কাসেমী ইসলামি ক্যালেন্ডার বা হিজরি সনের গুরুত্ব তুলে ধরে বলেন, হযরত ওমর ফারুক (রা.)-এর শাসনামলে হিজরতের ঘটনা কেন্দ্র করেই এই পঞ্জিকা শুরু হয়েছিল, যা ইসলামের ইতিহাসে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি শিক্ষার্থীদের পবিত্র কুরআনের সাথে মজবুত সম্পর্ক স্থাপনের পরামর্শ দিয়ে বলেন, ইলমের সাথে আমল ও তাকওয়া থাকা বাঞ্ছনীয়। এই মহতী ইসলাহী মজলিসে মাদ্রাসার মুহতামিম ক্বারী মুহাম্মদ জাফর এবং অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত থেকে আমন্ত্রিত অতিথিদের উষ্ণ অভ্যর্থনা জানান। তারা মাদ্রাসার শিক্ষা ও অবকাঠামোগত উন্নয়নের চিত্র তুলে ধরলে মাওলানা কাসেমী প্রতিষ্ঠানটির বর্তমান অগ্রযাত্রায় সন্তোষ প্রকাশ করেন।

উক্ত সভায় জমিয়তে উলামায়ে হিন্দের সম্পাদক মাওলানা আজিমুল্লাহ সিদ্দিকীও বক্তব্য রাখেন। তিনি শিক্ষার্থীদের গোনাহ ও পাপাচার বর্জনের মাধ্যমে আলোকিত জীবন গড়ার ওপর জোর দেন। মজলিসে অন্যান্যদের মধ্যে মুফতি মুদাসসির, মুফতি উসমান, মুফতি এরফান, মাওলানা সাদাকাত, ক্বারী সালমানসহ এলাকার বিশিষ্ট আলেম ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মাওলানা হাকিমউদ্দিন কাসেমীর বিশেষ দোয়ার মাধ্যমে সভার সমাপ্তি ঘটে।

অনুবাদ: তানবিরুল হক আবিদ

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222