আন্তর্জাতিক ডেস্ক :: ইরানের রাজধানীতে একটি শপিং কমপ্লেক্সে আগুন লেগে ৮ জন মারা গেছেন। এছাড়া গুরুতর আহত হয়েছে আরও ৩৬ জন।
মঙ্গলবার (৫ মে) পশ্চিম তেহরানে এই ঘটনা ঘটেছে।
দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানায়, আরঘাভান কমার্শিয়াল কমপ্লেক্স নামের শপিং সেন্টারটি আন্দিশেহ শহরে অবস্থিত। ভবনটিতে ২৫০টিরও বেশি বাণিজ্যিক ইউনিট ছিল।
ইরানিয়ান স্টুডেন্টস নিউজ এজেন্সি (আইএসএনএ) আন্দিশেহ শহরের দমকল বিভাগের প্রধান আলী পাইদারানের বরাত দিয়ে জানায়, স্থানীয় সময় বিকেলে আগুন লাগার খবর পাওয়ার পরপরই দমকল বাহিনীকে ঘটনাস্থলে পাঠানো হয়।
তিনি আরও জানান, ভবনটির সম্মুখভাগে ব্যবহৃত দাহ্য পদার্থের কারণে আগুন ছড়িয়ে পড়ে।
এদিকে, আইএসএনএ ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটির বরাত দিয়ে জানায়, সাতটি সক্রিয় উদ্ধারকারী দল এবং অনুসন্ধান ও উদ্ধারকারী কুকুর ঘটনাস্থলে উপস্থিত ছিল।
