৩৬নিউজ ডেস্ক: জামালপুরের ইসলামপুরে নবম শ্রেণির স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে দণ্ডপ্রাপ্ত প্রত্যেককে দুই লাখ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়েছে। তবে এই চাঞ্চল্যকর মামলার প্রধান আসামি সাদিককে অভিযোগ থেকে খালাস দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৭ মে) বেলা ১১টার দিকে জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক আব্দুর রহিম জনাকীর্ণ আদালতে এই রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন ইসলামপুর উপজেলার বেলগাছা ইউনিয়নের শীলদহ গ্রামের মো. শিপন, ইব্রাহিম ও ইউসুফ। মামলার বিবরণ ও রাষ্ট্রপক্ষের আইনজীবী সূত্রে জানা যায়, শীলদহ এলাকার ওই ছাত্রীর সঙ্গে তার চাচাতো ভাই সাদিকের প্রেমের সম্পর্ক ছিল। ২০২৪ সালের ১৯ এপ্রিল রাত ৯টার দিকে সাদিক কৌশলে ওই ছাত্রীকে একটি জঙ্গলে ডেকে নিয়ে ধর্ষণ করে। সেই সময় ওত পেতে থাকা শিপন, ইব্রাহিম ও ইউসুফ সেখানে উপস্থিত হলে সাদিক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরবর্তীতে ওই তিন যুবক স্কুলছাত্রীকে আটকে রেখে পালাক্রমে সংঘবদ্ধ ধর্ষণ করে।
ঘটনার ১৬ দিন পর ভুক্তভোগী ছাত্রীর বাবা বাদী হয়ে ইসলামপুর থানায় চারজনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। দীর্ঘ আইনি প্রক্রিয়া ও দুই বছর ধরে চলা বিচারিক কার্যক্রমে মোট নয়জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করেন আদালত। সাক্ষ্য-প্রমাণে অপরাধ প্রমাণিত হওয়ায় তিনজনকে সর্বোচ্চ শাস্তি দেওয়া হলেও ঘটনার সাথে সম্পৃক্ততা নিশ্চিত না হওয়ায় প্রধান আসামি সাদিককে খালাস প্রদান করা হয়। এদিকে একই দিনে জামালপুর সদর উপজেলার বাঁশচড়া এলাকায় দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে অপহরণের দায়ে অপর একটি মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন একই আদালত।
টিএইচএ/
