দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান প্রধানমন্ত্রীর

টিআইবির নির্বাহী পরিচালক ও ওয়াক্‌ফ প্রশাসকের সাক্ষাৎ

by hsnalmahmud@gmail.com

দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল দুপুরে সচিবালয়ে তাঁর সঙ্গে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামানসহ প্রতিনিধিদল সাক্ষাৎ করতে গেলে তিনি এ অবস্থানের কথা জানান। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

রুমন জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন টিআইবির নির্বাহী পরিচালক। সাক্ষাতে টিআইবির প্রতিনিধিদলের সঙ্গে দেশের দুর্নীতি পরিস্থিতি এবং তা প্রতিরোধে করণীয় বিষয়ে আলোচনা হয়। এ সময় প্রধানমন্ত্রী তাঁর সরকারের নীতি হিসেবে দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন। সাক্ষাতের সময় মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন
banner

বৈঠক শেষে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, দুর্নীতি দমন কমিশন (দুদক) সংস্কার ও পুনর্গঠনের বিষয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। সুশাসন এবং দুর্নীতিবিরোধী বিষয়ে সরকারপ্রধানকে কিছু সুনির্দিষ্ট সুপারিশ করেছি। প্রধানমন্ত্রী বিষয়গুলোকে ইতিবাচক হিসেবে নিয়েছেন এবং বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন।

ড. ইফতেখারুজ্জামান বলেন, বর্তমান সরকার বিশ্বজুড়ে বার্তা দিতে চায় যে- তারা দুর্নীতির বিরুদ্ধে আপসহীন ও অঙ্গীকারবদ্ধ। এর অংশ হিসেবে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করতে ২০২৮ সালের আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী কনফারেন্স বাংলাদেশে আয়োজনের প্রস্তাব দিয়েছে টিআইবি। এ বিষয়ে প্রধানমন্ত্রীর সহযোগিতা চাওয়া হয়েছে এবং তিনি বিষয়টি বিবেচনা করবেন বলে জানিয়েছেন।

টিআইবির নির্বাহী পরিচালক আরও বলেন, প্রতি দুই বছর পর পর আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী সম্মেলন অনুষ্ঠিত হয়। চলতি বছর এ সম্মেলন ডোমিনিকান প্রজাতন্ত্রে আয়োজন করা হবে। এর আগে এশিয়ায় মাত্র তিনটি দেশ-মালয়েশিয়া, থাইল্যান্ড ও দক্ষিণ কোরিয়া এ আয়োজনের সুযোগ পেয়েছে। তিনি বলেন, ২০২৮ সালের সম্মেলন বাংলাদেশে আয়োজনের উপযুক্ত সময়। এ বিষয়ে প্রধানমন্ত্রী নীতিগতভাবে একমত হয়েছেন। মন্ত্রিপরিষদের সম্মতি পাওয়া গেলে বাংলাদেশে এ সম্মেলন আয়োজনের উদ্যোগ নেওয়া হবে।

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222