আন্তর্জাতিক ডেস্ক :: থালাপতি বিজয়ের ইসলাম গ্রহণ নিয়ে নানা রকম কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে চোখে পড়ছে। আসলেই কি তিনি ইসলাম গ্রহণ করেছেন। কোথাও ভিডিওতে দেখা যাচ্ছে, তিনি সালাত আদায় করছেন, কোথাও দেখা যাচ্ছে তিনি টুপি মাথায় দিয়ে দোয়া করছেন, কোথাও দেখা যাচ্ছে তিনি রোজায় ইফতার করছেন। আদতে কী?
ইসলাম গ্রহণ করেছেন ভারতের দক্ষিণী সিনেমার মহাতারকা ও তামিলনাড়ু রাজ্যের সদ্য নির্বাচিত মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়- সম্প্রতি যমুনা টেলিভিশনের ডিজাইন সংবলিত এমনই একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
ফটোকার্ডে একটি ছবিও যুক্ত করা হয়। সেখানে দেখা যায়, সাদা পাজামা-পাঞ্জামি পরা রয়েছেন বিজয়। তার মাথায় সাদা টুপি। তিনি মসজিদে হাঁটুগেড়ে বসে হাসিমুখে দুহাত তুলে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছেন। কিন্তু কতটা সত্যি তার ইসলাম ধর্ম গ্রহণের এই খবর?
এ বিষয়ে ফ্যাক্টচেকের রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধান বলছে, এ খবর ডাহা মিথ্যা। কারণ, ‘মুখ্যমন্ত্রী থালাপতি বিজয় ইসলাম ধর্ম গ্রহণ করেছেন’ শিরোনামে কোনো ফটোকার্ডই প্রকাশ করেনি মূলধারার গণমাধ্যম যমুনা টেলিভিশন।
প্রকৃতপক্ষে, যমুনা টিভির ফটোকার্ড ডিজাইনের আদলে ডিজিটাল প্রযুক্তির সহায়তার আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে। এছাড়া এ সংক্রান্ত ছবি দাবিতে প্রচারিত ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির সাহায্যে তৈরি করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এতে যমুনা টিভির নাম, লোগো উল্লেখ রয়েছে। এরই সূত্র ধরে যমুনা টিভির ফেসবুক পেইজ এবং ওয়েবসাইট পর্যবেক্ষণ করে এ সংক্রান্ত কোনো ফটোকার্ড বা সংবাদ খুঁজে পাওয়া যায়নি। যমুনা টিভির ইউটিউব চ্যানেলেও এ বিষয়ে কোনো সংবাদ বা তথ্য পাওয়া যায়নি।
এছাড়া যমুনা টিভির ফেসবুক পেইজে প্রচারিত ফটোকার্ডগুলোর সঙ্গে আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডটির তুলনা করলে শিরোনাম ও ফন্টের আকারে পার্থক্য দেখা যায়।
পরবর্তীতে আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডে সংযুক্ত ছবির বিষয়ে অনুসন্ধানে ছবিটি আসল হওয়ার সপক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণও পাওয়া যায়নি।
প্রচারিত ছবিটি এআই প্রযুক্তির সহায়তায় তৈরি কি না, তা যাচাই করতে রিউমার স্ক্যানার গুগলের বিশেষ শনাক্তকরণ প্রযুক্তি ‘SynthID’ ব্যবহার করে। গুগলের এই প্রযুক্তি এআই দিয়ে তৈরি ছবি, ভিডিও বা অডিওতে অদৃশ্য জলছাপ যুক্ত করে, যা খালি চোখে দেখা না গেলেও গুগলের নিজস্ব টুলের মাধ্যমে শনাক্ত করা যায়।
ছবিটি সিন্থআইডি দিয়ে বিশ্লেষণ করে দেখা যায়, এই ছবিটির পুরো অংশ বা অনেকটা অংশই গুগল এআই ব্যবহার করে তৈরি বা এডিট করা হয়েছে। পরবর্তীতে ভারতীয় গণমাধ্যমেও এই দাবি সংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি।
এর আগে গত মার্চ মাসেও থালাপাতি বিজয়ের ইসলাম গ্রহণের একটি খবর ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। সে সময়ও ফ্যাক্টচেক প্রকাশ করেছিল রিউমার স্ক্যানার। জানানো হয়েছিল, খবরটি সত্যি নয়। এবারও সত্য খুঁজে বের করল প্রতিষ্ঠানটি।
প্রসঙ্গত, থালাপতি বিজয়ের বাবা এসএ চন্দ্রশেখরন ধর্মত্যাগী ক্যাথলিক এবং মা শোভা চন্দ্রশেখর হিন্দু ধর্মের অনুসারী। তবে বিজয় একজন ভারতীয় হিসেবে মায়ের ধর্মই পালন করেন।
