আন্তর্জাতিক ডেস্ক :: ভারতীয় তরুণ শিবম সীমান্ত থেকে অভিবাসীদের নেওয়ার জন্য চালকদের ব্যবস্থা করতেন। এমন খবরই দিয়েছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ জানিয়েছে, অভিযুক্ত শিবম ২০২৪ সালের অক্টোবর থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত মানবপাচার চক্রের সঙ্গে জড়িত ছিলেন।
আদালতের নথি অনুযায়ী, শিবম সীমান্ত থেকে অভিবাসীদের নেওয়ার জন্য চালকদের ব্যবস্থা করতেন। পরে তাদের উত্তর নিউ ইয়র্কের বিভিন্ন গোপন আস্তানা ও হোটেলে পৌঁছে দেওয়া হতো। পাচার হওয়া প্রতিটি ব্যক্তির জন্য তিনি চালকদের টাকা দিতেন। নিজেও এই কাজ থেকে অর্থ পেতেন।
মার্কিন কর্তৃপক্ষ জানায়, ২০২৫ সালের ২৫ জানুয়ারি শিবম তার এক সহযোগীকে ১২ জনকে কানাডা থেকে যুক্তরাষ্ট্রে আনার নির্দেশ দেন। তাদের মধ্যে ভারত ও যুক্তরাজ্যের নাগরিকও ছিলেন। এজন্য প্রতি ব্যক্তির জন্য ১০০ ডলার করে পরিশোধ করা হয়েছিল।
একই মাসে সীমান্ত এলাকায় দুটি গাড়িকে থামানোর চেষ্টা করে বর্ডার পেট্রোল। কিন্তু গাড়িগুলো পালানোর চেষ্টা করে। পরে একটি গাড়ি দুর্ঘটনায় পড়ে এবং অন্যটি নিউইয়র্কের মুয়ার্স এলাকায় আটক করা হয়। গাড়ি দুটি থেকে মোট ১২ জনকে উদ্ধার করা হয়।
শিবম মানবপাচারের ষড়যন্ত্রসহ একাধিক অভিযোগে দোষ স্বীকার করেছেন। আগামী সেপ্টেম্বরে তার সাজা ঘোষণা করা হবে। অভিযোগ প্রমাণিত হলে তার সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড হতে পারে।
