তুষারের শুভ্র টুপিপরা সারি সারি পর্বতমালা আর ভূমধ্যসাগরের নানা সৈকতসমৃদ্ধ এগার হাজার একশ’ বর্গমাইলের সবুজ-শ্যামল দেশ আলবেনিয়া। ইসলাম, ঐতিহ্য ও উসমানি খিলাফতের বলিষ্ঠ বলকানের অন্যতম এ অঞ্চল।
সত্তর বছরের সমাজতন্ত্রের যাঁতাকলে সে পরিচয় ও ঐতিহ্য এখন ম্রিয়মাণ। হাজারো মসজিদ রূপান্তরিত বা ধ্বংসপ্রায়। কমিউনিজমের পতনের পর নব্বইয়ের দশক থেকে আবার সে বিলুপ্তপ্রায় ঈমান ও ঐতিহ্যকে ফিরিয়ে আনার প্রয়াস যারা পেয়েছেন ও কর্মপরিচালনা করছেন, তাদের অন্যতম সংস্থা ALSAR (Alternative of the Future) বা ’বিকল্প আগামী’ সংগঠনের আমন্ত্রণে এবং মানবিক সংস্থা Send a Little Hope-এর ব্যবস্থাপনায় আমরা TV ONE UK-র একটি টিম সম্প্রতি আলবেনিয়ায় কয়েকটি প্রকল্প বাস্তবায়নে সফর করেছি।
রাজধানী তিরানা থেকে প্রথমে আমরা চলে যাই সমুদ্রতীরবর্তী সুন্দর উপশহর ‘গোলেমে’। চমৎকার একটি মসজিদ ও পর্যটকদের জন্য আবাসিক হোটেল ‘হিলাল প্যালেস’ রয়েছে সেখানে।
হোটেলের জানালা খুলে কিছু দূরে সমুদ্রের তরঙ্গমালা পর্যটকদের মনেও আনন্দের ঢেউ তোলে। অন্যদিকে ইউরোপের কোনো দেশে উঁচু মিনারা ও সুবিস্তৃত গম্বুজ ঈমানদারদের হৃদয় বিনম্র করে।
মসজিদের ইমাম মদিন বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েট। আমরা হোটেলের রুফটপ রেস্টুরেন্টে বসে অ্যারাবিক কপি খেলাম আর আলবেনিয়ার ইসলামি শিক্ষা ও দাওয়াহ কার্যক্রম নিয়ে দীর্ঘ আলাপচারিতায় সমৃদ্ধ হলাম।
ইউরোপে বসে প্রকাশ্য আজানের ধ্বনি ভেসে এলো আমাদের আড্ডায়। শিহরিত হলাম। অসম্ভব ভালোলাগায় অন্তর পরিতৃপ্ত হলো।
লেখক : খতীব, এসেক্স জামে মসজিদ অ্যান্ড অ্যাকাডেমি, সাউথেন্ড-অন-সি, ব্রিটেন
