৩৬নিউজ ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে জামায়াতে ইসলামীর সঙ্গে জোট ভেঙে যাওয়ার নানা কারণ ব্যাখ্যা করেছেন ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। ভারত, যুক্তরাষ্ট্র ও বিদ্যমান আইনে দেশ পরিচালনাসহ বিভিন্ন বিষয়ে মতানৈক্য দেখা দেওয়ায় এই সমঝোতা রক্ষা করা যায়নি বলে জানান তিনি।
সোমবার রাজধানীর পুরানা পল্টনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। ওই সভায় ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের জন্য দলীয় মেয়র প্রার্থীদের নামও ঘোষণা করে দলটি।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে চরমোনাই পীর বলেন, সমঝোতায় নতুন দলের সংযুক্তি ও তাদের আসন বণ্টনের বিষয়ে আগে থেকে জোটে থাকা দলগুলোর সঙ্গে পরামর্শ না করে একক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া ভারত ও আমেরিকার সঙ্গে গোপন বৈঠক করা, ইসলাম অনুযায়ী দেশ পরিচালনা না করে বিদ্যমান আইনে দেশ পরিচালনা করার অঙ্গীকার করা এবং মার্কিন প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে ইসলামী আন্দোলন বাংলাদেশকে ‘উগ্রবাদী’ বলে ‘সার্টিফাই’ করার পরিপ্রেক্ষিতেই এই সমঝোতা ভেঙে যায়। মুফতি রেজাউল করীম উল্লেখ করেন, এরপরেও নানা প্রচেষ্টা করা হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত সমঝোতা রক্ষা করা সম্ভব হয়নি।
তিনি আরও বলেন, শুধু এমপি ও মন্ত্রিত্বের জন্য আমরা রাজনীতি করি না। আমরা ইসলাম, দেশ, জাতি ও মানবতার পক্ষে অটল ও অবিচল থাকব। ভবিষ্যতেও এর ভিত্তিতে জোট হতে পারে। জুলাই সনদের বিষয়ে ইসলামী আন্দোলনের আমির বলেন, প্রধানমন্ত্রী জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করার যে প্রতিশ্রুতি দিয়েছেন, তার ওপর আমরা আস্থা রাখতে চাই। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সাম্প্রতিক বাণিজ্য চুক্তিকে ‘গোলামির চুক্তি’ আখ্যায়িত করে তা বাতিলের দাবি জানান সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।
টিএইচএ/
