রাজধানীর নগর বনায়নে জাপানি মিয়াওয়াকি পদ্ধতি

by Masudul Kadir

নিজস্ব প্রতিবেদক :: জাপানি মিয়াওয়াকি পদ্ধতিতে রাজধানীতে বনায়ন কার্যক্রমের যাত্রা শুরু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। রাজধানী এবার বদলে যাবে বলে অনেকেই ধারণা করছেন। ঢাকা শহরের ক্রমবর্ধমান দূষণ রোধ এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় জাপানি এই ‘মিয়াওয়াকি’ পদ্ধতি কতটুকু কাজে দেয়- তাই এখন দেখার বিষয়।

সোমবার (১৮ মে) উত্তরা দিয়াবাড়ীর ১১ নম্বর লেকপাড় সংলগ্ন গ্রিন বেল্ট এলাকায় বৃক্ষরোপণের মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন করেন ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।

বিজ্ঞাপন
banner

উদ্বোধনকালে প্রশাসক জানান, নগরবাসীর শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উন্নতির লক্ষ্যে এই বনায়ন প্রকল্পকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। প্রকল্পের দ্বিতীয় ও তৃতীয় ধাপে প্রায় ২.৬০ একর এলাকায় ৩৯ হাজার ৪০০টি দেশীয় প্রজাতির গাছ রোপণ করা হবে। যেখানে ফলজ, বনজ, ওষধি ও শোভাবর্ধনকারীসহ প্রায় ২৫০ প্রজাতির গাছের সমাহার থাকবে।

জাপানি বিশেষজ্ঞ আকিরা মিয়াওয়াকির উদ্ভাবিত এই পদ্ধতিতে বিশেষভাবে প্রস্তুতকৃত মাটিতে অত্যন্ত ঘনভাবে গাছ রোপণ করা হয়, যা সাধারণ বনের চেয়ে দ্রুত বড় হয়। প্রকল্পের নকশায় বায়োফিলিক ডিজাইন ও ‘বন স্নান’-এর (Shinrin-yoku) অভিজ্ঞতা নিশ্চিত করতে উঁচু-নিচু টিলা ও লেকপাড় ঘেঁষে হাঁটার পথ রাখা হয়েছে। আগামী পাঁচ বছরে ঢাকা উত্তরে পাঁচ লাখ গাছ রোপণের যে পরিকল্পনা নেওয়া হয়েছে, এটি তারই একটি গুরুত্বপূর্ণ অংশ। ডিএনসিসির এই মহৎ উদ্যোগে বন অধিদপ্তরসহ বিভিন্ন পরিবেশবাদী ও স্বেচ্ছাসেবী সংগঠন কারিগরি সহায়তা প্রদান করছে।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222