আসন্ন ঈদুল আজহার সরকারি ছুটির দিনগুলোয় মেট্রোরেল চলাচলের বিশেষ সময়সূচি ঘোষণা করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে রাষ্ট্রীয় এই সংস্থাটি মেট্রো চলাচলের নতুন সূচির তথ্য নিশ্চিত করেছে। তবে বরাবরের মতোই পবিত্র ঈদের দিন মেট্রোরেল চলাচল পুরোপুরি বন্ধ থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
নতুন সূচি অনুযায়ী, উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিলগামী প্রথম ট্রেনটি সকাল সাড়ে ৬টায় ছেড়ে যাবে এবং এই রুটের শেষ ট্রেনটি ছাড়বে রাত ৯টায়। অপরদিকে মতিঝিল স্টেশন থেকে উত্তরা উত্তরগামী প্রথম ট্রেনটি সকাল ৭টা ১৫ মিনিটে এবং শেষ ট্রেনটি রাত ১০টা ১০ মিনিটে চলাচল করবে। ঈদের ছুটির দিনগুলোয় সাধারণ যাত্রীদের চাপ ও যাতায়াতের সুবিধা বিবেচনা করে সময়ভেদে ২০ মিনিট, ১৫ মিনিট ও ১২ মিনিট পরপর ট্রেন চলাচল করবে। বিশেষ করে দুপুর ১২টা থেকে রাত ৯টা পর্যন্ত পর্যায়ক্রমে প্রতি ১৫ মিনিট পরপর ট্রেন পরিচালনা করা হবে। নতুন এই বিশেষ সূচি কার্যকর থাকাকালীন প্রতিদিন আনুমানিক ১৪০টি ট্রেনসেট দিয়ে যাত্রী পরিবহনের সার্বিক পরিকল্পনা নিয়েছে ডিএমটিসিএল।
মেট্রোরেলের বিভিন্ন স্টেশনগুলোয় টিকিট বিক্রির নিয়মেও কিছু নতুন নির্দেশনা জারি করা হয়েছে। ছুটির দিনগুলোয় স্টেশনগুলোয় সকাল ৬টা ৪০ মিনিট থেকে শুরু করে রাত ৯টা ৫ মিনিট পর্যন্ত সিঙ্গেল জার্নি টিকিট কেনা যাবে এবং একই সময়ের মধ্যে এমআরটি ও র্যাপিড পাসে ব্যালেন্স টপআপ করা যাবে। মতিঝিল স্টেশনের শেষ ট্রেন ছাড়ার ১৫ মিনিট পূর্ব পর্যন্ত সিঙ্গেল জার্নি টিকিট কেনা যাবে। রাত ৯টা ২০ মিনিটের পর সব স্টেশনের টিকিট বিক্রয় অফিস তথা ম্যানুয়াল কাউন্টার এবং অটোমেটিক ভেন্ডিং মেশিন সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে। তবে কাউন্টার বা মেশিন বন্ধ হয়ে গেলেও যাদের কাছে আগে থেকেই নিজস্ব এমআরটি পাস কিংবা র্যাপিড পাস সচল রয়েছে, তারা নির্ধারিত শেষ ট্রেনের সময়সূচি অনুযায়ী পাস ব্যবহার করে প্ল্যাটফর্মে প্রবেশ এবং যাতায়াত করতে পারবেন।
টিএইচএ/
