আন্তর্জাতিক ডেস্ক :: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অনেকটা একা হয়ে পড়েছেন। ইরানের অধিকার মেনে নেওয়া ছাড়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামনে অন্য কোনো পথ খোলা নেই বলে দাবি করেছে তেহরান।
শনিবার (২৩ মে) দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র রেজা তালাই-নিক এমন মন্তব্য করেন।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, তাসনিম নিউজ এজেন্সিকে দেওয়া এক বক্তব্যে তালাই-নিক বলেন, ইরানের দাবি অস্বীকার করলে তা ট্রাম্পের জন্য আরও ব্যর্থতা ডেকে আনবে।
তিনি দাবি করেন, যুদ্ধক্ষেত্র ও কূটনৈতিক: দুই দিক থেকেই যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জন্য এই সংঘাত থেকে বের হওয়ার একমাত্র উপায় হলো ইরানি জনগণের দাবি মেনে নেওয়া।
তালাই-নিক আরও বলেন, ইরানের প্রস্তাব গ্রহণের পাশাপাশি যুদ্ধ চালিয়ে গেলে মার্কিন জনগণ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের ওপর যে বাড়তি ক্ষতি ও ব্যয় চাপবে, সে বিষয়েও ট্রাম্পের ভাবা উচিত।
