উপসাগরীয় আকাশসীমায় একটি ‘শত্রু ড্রোন’ ভূপাতিত করার দাবি করেছে ইরানের সামরিক বাহিনী।
ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সি এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ইরানের ‘আরাশ-এ কামাঙ্গির’ প্রতিরোধী ড্রোন ব্যবস্থার মাধ্যমে উপসাগরের জলসীমার ওপর ওই ড্রোনটি গুলি করে নামানো হয়েছে।
ফার্স নিউজের প্রতিবেদনে নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তাদের উদ্ধৃত করে বলা হয়েছে, “গোপন সক্ষমতাসম্পন্ন একটি প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে এই অভিযান পরিচালনা করা হয়েছে। এটি ইরানের পক্ষ থেকে একটি স্পষ্ট ও দৃঢ় বার্তা।”
তবে ভূপাতিত ড্রোনটি কোন দেশের ছিল, সেটি কোথা থেকে পরিচালিত হচ্ছিল কিংবা কী ধরনের নজরদারি বা সামরিক মিশনে ছিল- প্রতিবেদনে এসব বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
সাম্প্রতিক সময়ে উপসাগরীয় অঞ্চলে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা বৃদ্ধি এবং হরমুজ প্রণালীকে ঘিরে সামরিক তৎপরতার মধ্যেই এই ঘটনা ঘটল। যুদ্ধবিরতি কার্যকর থাকলেও অঞ্চলজুড়ে এখনো সামরিক সতর্কতা ও কূটনৈতিক টানাপোড়েন অব্যাহত রয়েছে।
বিশ্লেষকদের মতে, ড্রোন ভূপাতিত করার এই দাবি মূলত ইরানের সামরিক সক্ষমতা ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার বার্তা আন্তর্জাতিক মহলের কাছে তুলে ধরার অংশ হতে পারে। একই সঙ্গে এটি উপসাগরীয় অঞ্চলে বিদেশি নজরদারি কার্যক্রমের বিরুদ্ধেও একটি সতর্ক সংকেত হিসেবে দেখা হচ্ছে। সূত্র: আল-জাজিরা
হাআমা/
