নিজস্ব প্রতিবেদক :: মঙ্গলবার মুষলধরে বৃষ্টিতে পানিতে নিমজ্জিত ঢাকার অধিকাংশ সড়ক। কিছু এলাকায় সড়কে হাঁটু সমান পানি। এতে ভোগান্তিতে পড়েছেন নগরবাসী।
মঙ্গলবার (২৬ মে ২৬) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর আকাশ হঠাৎই অন্ধকার হয়ে যায়। ১২টা বাজতেই শুরু হয় মুষলধারে বৃষ্টি, যা ৪০ মিনিটের মতো অব্যাহত থাকে।
খোঁজ নিয়ে জানা গেছে, এই বৃষ্টিতে রাজধানীর পুরান ঢাকা, এলিফ্যান্ট রোড, নিউমার্কেট, মিরপুর, কালশী, ১০ নম্বর, কারওয়ান বাজার, জিগাতলা, গ্রিন রোড, মালিবাগ ও মোহাম্মদপুরসহ রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়েছে। অনেক এলাকায় হাঁটুপানি জমে যানবাহন চলাচল বাধাগ্রস্ত হচ্ছে।
এছাড়া ঈদে ঘরমুখী মানুষসহ বিভিন্ন কাজে বের হওয়া মানুষকে পড়তে হচ্ছে চরম ভোগান্তিতে। আর কোরবানির পশুর হাট ও তার আশপাশের এলাকায় তৈরি হয়েছে ভয়াবহ অবস্থা। দুর্গন্ধযুক্ত পানি আর ময়লা-আবর্জনায় ভরে গেছে কোরবারির হাট ও আশপাশের জায়গা।
নিউমার্কেটের বাসিন্দা আহমদ হোসেন বলেন, ‘জলাবদ্ধতা আর যানজটে নগরজীবন অতিষ্ঠ লাগছে। কোনো জায়গায় জলাবদ্ধতা সৃষ্টি না হলেও নিউমার্কেটে হবেই। কয়েক বছর ধরে এমন অবস্থায় আমরা নাজেহাল। তবুও এই জলাবদ্ধতা নিরসনে নেই কোনো উদ্যোগ।’
ঢাকা কলেজের শিক্ষার্থী রবিউল হাসান বলেন, টানা ভারী বৃষ্টিপাতে ডুবে গেছে পুরো এলাকা। একদিকে ঈদের ছুটি, অন্যদিকে বাড়ি যাওয়ার তাড়া। নোংরা পানি মাড়িয়ে লোকজনকে চলতে হচ্ছে। ঘুরমুখো মানুষের ভোগান্তি সবচেয়ে বেশি হচ্ছে।
তিনি আরও বলেন, ‘আমরা ঢাকায় থাকি না কোথায় থাকি বুঝি না। এটি একটি রাজধানীর চিত্র হতে পারে না। বৃষ্টি হলে ভোগান্তি হবেই। পানি জমবেই। এমন ভোগান্তি আর মানা যায় না।’
এর আগে সোমবারও (২৫ মে) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীতে মুষলধারে বৃষ্টি শুরু হয়। ঘণ্টাব্যাপী ওই বৃষ্টিতে জলাবদ্ধতা তৈরি হয় শহরের অধিকাংশ সড়কে। ফলে নগরবাসীকে আজকের মতো ভোগান্তি পোহাতেও হয় গতকালও।
এদিকে সকালে আবহাওয়া বিভাগ জানিয়েছে, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, বরিশাল, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট জেলার ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির শঙ্কা রয়েছে। তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়া বিভাগ আরও জানায়, চলতি সপ্তাহজুড়ে দেশের সব বিভাগেই ঝড়বৃষ্টির প্রবণতা থাকতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে।
