৩৬ নিউজ ডেস্ক: আত্মত্যাগের অবিস্মরণীয় নিদর্শন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের সর্বস্তরের জনগণ, ছাত্রসমাজ এবং প্রবাসীদের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি রিদওয়ান মাযহারী।
আজ বুধবার সংবাদমাধ্যমে পাঠানো এক ঈদ শুভেচ্ছা বার্তায় তিনি মুসলিম উম্মাহর এই ধর্মীয় উৎসবের মূল শিক্ষা ধারণ করে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের সকল অন্যায়, অবিচার ও দুঃশাসনের বিরুদ্ধে নৈতিক ও আদর্শিক অবস্থান গ্রহণ করার জন্য সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান।
শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, মুসলিম জাতির পিতা হযরত ইবরাহিম আলাইহিস সালামের মহান আত্মত্যাগের চিরস্মরণীয় ঘটনার প্রেক্ষাপটে মহান আল্লাহ তায়ালার নির্দেশে মুসলিম উম্মাহ ঈদুল আজহার দিনে কোরবানি আদায় করে থাকে এবং মহান রবের প্রতি বান্দার নিঃস্বার্থ আত্মসমর্পণ, ত্যাগ ও আনুগত্যের অনন্য দৃষ্টান্ত হচ্ছে এই কোরবানি।
রিদওয়ান মাযহারী তার বার্তায় উল্লেখ করেন, ঈদুল আজহা আমাদের মূলত ত্যাগ, বিনয়, তাকওয়া ও মানবতার শিক্ষা দেয়। হযরত ইবরাহিম আলাইহিস সালামের সেই মহান আত্মত্যাগের দীক্ষায় বলীয়ান হয়ে সমাজের সব স্তরের অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর পাশাপাশি উম্মাহ ও মানবতার কল্যাণে নিজেদের আত্মনিয়োগ করতে হবে। ঈদযাত্রার সার্বিক পরিস্থিতি উল্লেখ করে ছাত্র জমিয়ত সভাপতি দেশবাসীর ঘরে ফেরা নিরাপদ ও নির্বিঘ্ন করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি বিশেষ আহ্বান জানান। একই সাথে সাধারণ ঘরমুখো মানুষের প্রতি কোনো ধরনের ঝুঁকিপূর্ণ ও অসচেতনভাবে যাতায়াত না করার জন্য বিশেষভাবে অনুরোধ করেন। ঈদের প্রকৃত সৌন্দর্য যে আনন্দ ভাগাভাগির মাঝেই নিহিত, তা স্মরণ করিয়ে দিয়ে তিনি সমাজের গরিব, অসহায়, এতিম ও সুবিধাবঞ্চিত মানুষদের এই খুশিতে শামিল করতে দেশের স্বাবলম্বী ও বিত্তবান শ্রেণিকে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসার আহ্বান জানান।
শুভেচ্ছা বার্তায় দেশের রেমিট্যান্স যোদ্ধা তথা প্রবাসী ভাইদের অবদানের কথা গভীর কৃতজ্ঞতার সাথে স্মরণ করে ছাত্র জমিয়ত প্রধান বলেন, প্রবাসীরা পরিবারের সুখ-স্বাচ্ছন্দ্য ও দেশের অর্থনীতির চাকা সচল রাখতে নীরবে যে ত্যাগ স্বীকার করছেন, তা অতুলনীয়। পাশাপাশি দেশের ছাত্র সমাজের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ঈদের প্রকৃত শিক্ষা ও আদর্শ নিজের মনে ধারণ করে নিজেদেরকে আগামী দিনের যোগ্য, আদর্শবান, নৈতিক ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।
বার্তার শেষাংশে বিশ্ব রাজনীতির প্রেক্ষাপট টেনে তিনি ফিলিস্তিনসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে নির্যাতিত ও নিপীড়িত মুসলমানদের অবর্ণনীয় দুঃখ-দুর্দশার কথা গভীরভাবে স্মরণ করেন। তিনি মহান আল্লাহ তায়ালার দরবারে বিশেষ দোয়া করেন, যেন তিনি মজলুম মুসলিমদের হেফাজত করেন এবং বিশ্বজুড়ে শান্তি ও নিরাপত্তা দান করেন। পরিশেষে, ছাত্র জমিয়ত বাংলাদেশের সাবেক ও বর্তমান সকল স্তরের নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী এবং দেশের সর্বস্তরের জনগণকে পবিত্র ঈদুল আজহার মোবারকবাদ জানিয়ে সবার জীবনে সুখ ও সমৃদ্ধি কামনা করেন তিনি।
টিএইচএ/
