শিশুদের ক্ষতি ও সহিংসতার অভিযোগে ওপেনএআই-এর বিরুদ্ধে মামলা

by Masudul Kadir

নিউজ ডেক্স:: চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই ও এর প্রধান নির্বাহী (সিইও) স্যাম অল্টম্যানের বিরুদ্ধে মামলা করেছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্য। চ্যাটজিপিটির নিরাপত্তা নিয়ে ভুল তথ্য দেওয়া, তরুণ ব্যবহারকারীদের আসক্ত করা ও স্কুল হামলাকারীদের তথ্য সরবরাহ করার মাধ্যমে শিশুদের মারাত্মক ক্ষতি করার অভিযোগে সোমবার (১ জুন) ফ্লোরিডার একটি রাজ্য আদালতে এই মামলাটি দায়ের করা হয়।

এআই প্রযুক্তির অপব্যবহার নিয়ে ওপেনএআই-এর বিরুদ্ধে কোনো মার্কিন রাজ্যের আইনি ব্যবস্থা নেওয়ার ঘটনা এটাই প্রথম।
ফ্লোরিডার অ্যাটর্নি জেনারেল জেমস উথমায়ার এক সংবাদ সম্মেলনে জানান, চ্যাটজিপিটি-র ক্ষতিকর ফিচারগুলো প্রচারের পেছনে স্যাম অল্টম্যান নিজেই মূল ভূমিকা পালন করেছিলেন, তাই মামলায় প্রতিষ্ঠানটির পাশাপাশি অল্টম্যানের নামও ব্যক্তিগতভাবে উল্লেখ করা হয়েছে। মামলায় শত শত কোটি ডলার ক্ষতিপূরণ দাবি করার পাশাপাশি তরুণদের সঙ্গে চ্যাটবটের যোগাযোগের পদ্ধতি পরিবর্তনের জন্য আদালতের নির্দেশনা চাওয়া হয়েছে। উথমায়ার ক্ষোভ প্রকাশ করে সাংবাদিকদের বলেন, চ্যাটজিপিটি-র কারণে মানুষ আহত হচ্ছে এবং অভিভাবকেরা প্রতারিত হচ্ছেন; এর জন্য কম্পানিকে চড়া মূল্য দিতে হবে।

বিজ্ঞাপন
banner

মামলার এজাহারে গত বছর টাল্লাহাসির ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটিতে ঘটে যাওয়া একটি গণ-গুলি (মাস শুটিং) ও কানাডাসহ অন্যান্য রাজ্যের বেশ কয়েকটি সহিংস ঘটনার উল্লেখ করা হয়েছে। অভিযোগ রয়েছে, এই হামলাকারীরা সহিংসতা চালানোর আগে চ্যাটজিপিটি থেকে বিভিন্ন তথ্য ও সহায়তা নিয়েছিল। এমনকি ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটিতে নিহত এক ব্যক্তির পরিবারও ওপেনএআই-এর বিরুদ্ধে আলাদা মামলা করেছে। অন্যদিকে, কানাডায় ঘটে যাওয়া একটি বড় হামলার শিকার পরিবারগুলোর দাবি—হামলাকারী যে চ্যাটজিপিটি ব্যবহার করে ৮ মাস ধরে এই সহিংসতার পরিকল্পনা করছিল, তা জানা সত্ত্বেও ওপেনএআই পুলিশকে কোনো সতর্কতা সংকেত পাঠায়নি।

এসব গুরুতর অভিযোগের জবাবে ওপেনএআই-এর মুখপাত্র তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য না করলেও, কম্পানিটি অতীতে জানিয়েছে যে তাদের এআই মডেলগুলোকে সহিংস অনুরোধ প্রত্যাখ্যান করার জন্য বিশেষভাবে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এ ছাড়া কোনো কথোপকথনে যদি বড় ধরনের ঝুঁকির আভাস পাওয়া যায়, তবে তারা আইনপ্রয়োগকারী সংস্থাকে অবহিত করে থাকে। তবে বর্তমানে বিশ্বজুড়ে এআই কোম্পানিগুলো এমন অসংখ্য মামলার মুখোমুখি হচ্ছে, যেখানে চ্যাটবটের ভুল বা উসকানিমূলক বার্তা ব্যবহারকারীদের আত্ম-ক্ষতি, মানসিক অসুস্থতা ও সহিংসতায় প্ররোচিত করছে বলে দাবি করা হচ্ছে।

এনআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222