আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের পারওয়ান প্রদেশে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৪ শিশুসহ অন্তত ৮ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আরও ১৬ জন গুরুতর আহত হয়েছেন বলে স্থানীয় প্রশাসন নিশ্চিত করেছে।
সোমবার স্থানীয় সময় সকাল ৯টার দিকে প্রদেশের শিনওয়ারি জেলার এস্তামা উপত্যকা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
পারওয়ান পুলিশ কমান্ডের মুখপাত্র ফজল রহিম মিসকিনিয়ার সংবাদমাধ্যমকে জানান, যাত্রীবাহী একটি মিনিবাস এস্তামা উপত্যকা থেকে চারিকার শহরের দিকে যাচ্ছিল। পথে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি রাস্তা থেকে ছিটকে ধাবমান গিরিখাতের পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই চার শিশুসহ আটজন যাত্রী প্রাণ হারান এবং বাসের অন্য ১৬ জন যাত্রী মারাত্মকভাবে আহত হন।
দুর্ঘটনার খবর পাওয়ামাত্রই স্থানীয় নিরাপত্তা বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। তারা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য পারওয়ান সিভিল হাসপাতালে পাঠিয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয় কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে, হতাহত হওয়া সব ব্যক্তিই শিনওয়ারি জেলার এস্তামা উপত্যকার বাসিন্দা।
টিএইচএ/
