বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে।
বুধবার (৩ জুন) দুপুরে বেনাপোল সীমান্ত এলাকা থেকে সাংগঠনিক সফর শেষে ফেরার পথে এই হামলার শিকার হন তিনি ও তার সফরসঙ্গীরা। দুপুর ১টা ৫৮ মিনিটে নাসীরুদ্দীন পাটওয়ারী নিজেই তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
ফেসবুক পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী উল্লেখ করেন, সীমান্তে আমাদের আগমনের খবর পাওয়ার পর গত রাতে যেসব পরিবারকে জোরপূর্বক পুশইন করা হয়েছিল, তাদের ভারতীয় কর্তৃপক্ষ সেখান থেকে সরিয়ে নিয়েছে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং স্থানীয় মানুষের সঙ্গে কথা বলেছি। পরিস্থিতি সম্পর্কে সরেজমিনে তথ্য সংগ্রহ করেছি। তবে ফেরার পথে আমাদের গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। হামলায় আমাদের গাড়ি ভাঙচুর করা হয়েছে এবং ৪ জন আহত হয়েছেন। আল্লাহর রহমতে বাকিরা নিরাপদ আছি। সীমান্তে মানবিক মর্যাদা, নাগরিক অধিকার এবং বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে আমাদের অবস্থান অবিচল থাকবে।
এর আগে বুধবার সকালে একটি বিশেষ সাংগঠনিক সফরে যশোরে আসেন নাসীরুদ্দীন পাটওয়ারী। সকাল ১০টা ১০ মিনিটে ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে তিনি যশোর বিমানবন্দরে অবতরণ করেন। পরবর্তীতে বিমানবন্দর থেকে তিনি তার সফরসঙ্গীদের নিয়ে একটি প্রাইভেট কার যোগে বেনাপোলের উদ্দেশে রওনা হন। স্থানীয় সূত্রে জানা গেছে, শার্শা উপজেলার বেনাপোল সীমান্ত এলাকা পরিদর্শন শেষে সেখানে আয়োজিত ‘সীমান্ত পরিস্থিতি ও কথিত পুশইন’ বিষয়ক একটি আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে তিনি অংশ নিয়েছিলেন। এই সফরে তার সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির সংগঠক মেয়াজ মেহরাব তালুকদার, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব ফরিদুল হক এবং চট্টগ্রাম মহানগর কমিটির আহ্বায়ক শোয়েব মিয়া।
টিএইচএ/
