তিন সীমান্ত দিয়ে ৬০ জনকে পুশইনচেষ্টা, বিজিবির বাধা

by Abid vs36

৩৬ নিউজ ডেস্ক: বাংলাদেশ-ভারত সীমান্তের বিভিন্ন এলাকা থেকে আবারও বাংলাদেশিদে পুশইন (ঠেলে পাঠানো) চেষ্টার খবর পাওয়া গেছে। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) দেশের অন্তত তিনটি সীমান্ত এলাকা দিয়ে ৬০ জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করে। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তীব্র বাধার মুখে সম্ভাব্য প্রায় সব পুশইন চেষ্টাই ব্যর্থ হয়েছে। বিজিবির বাধার কারণে তারা বাংলাদেশের ভেতরে প্রবেশ করতে পারেনি এবং সবশেষ তথ্য অনুযায়ী, পুশইনের শিকার ব্যক্তিরা সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছেন। উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে ও সমস্যা সমাধানের জন্য বিজিবি-বিএসএফের মধ্যে কোম্পানি ও ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক আহ্বান করা হয়েছে।

শুক্রবার (৫ জুন) ভোরে লালমনিরহাটের হাতীবান্ধা, পাটগ্রাম ও আদিতমারী উপজেলার সীমান্ত দিয়ে ৩৩ জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করে বিএসএফ। এর মধ্যে হাতীবান্ধা উপজেলার বড়খাতা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় ১১ জন, পাটগ্রাম উপজেলার পয়ষট্টিবাড়ী বিওপি এলাকায় ১০ জন এবং আদিতমারী উপজেলার দুর্গাপুর দীঘলটারী সীমান্ত এলাকায় ১২ জনকে ঠেলে পাঠানোর চেষ্টা করা হয়। বিজিবি জানায়, তাদের সময়োচিত বাধায় ওই ৩৩ জন বর্তমানে শূন্যরেখায় অবস্থান করছেন। সীমান্ত এলাকায় বর্তমানে টহল ও নজরদারি জোরদার করাসহ সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।

বিজ্ঞাপন
banner

একই দিন সকালে নওগাঁর সাপাহার উপজেলার কলমুডাঙ্গা সীমান্তের মেইন পিলার ২৩৭-এর পাশ দিয়ে ১৭ জনকে বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দেওয়ার চেষ্টা করে বিএসএফ। এ সময় হাঁপানীয়া ক্যাম্পের বিজিবি সদস্যরা তাৎক্ষণিক বাধা প্রদান করেন। এ ঘটনার পর বিজিবির পক্ষ থেকে কড়া প্রতিবাদ জানিয়ে বিএসএফকে চিঠি দেওয়া হয়। দুপুরে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে জরুরি ব্যাটালিয়ন পর্যায়ের পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। প্রায় ঘণ্টাব্যাপী চলা বৈঠকে বিজিবির পক্ষ থেকে পুশইন চেষ্টার তীব্র বিরোধিতা করা হলেও বৈঠকটি কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়। সুরাহা না হওয়ায় সীমান্ত এলাকায় অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে এবং বিএসএফের উচ্চপর্যায়ের সঙ্গে আলোচনা অব্যাহত রাখা হয়েছে।

এছাড়া পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের বড়বাড়ি সীমান্তের মেইন পিলার ৭৫৮-এর ৫ নম্বর সাব পিলার এলাকা দিয়ে কাঁটাতারের বেড়া পার করে বিএসএফের ৯৩ ব্যাটালিয়নের টিয়াপাড়া ক্যাম্পের সদস্যরা নারী ও পুরুষসহ ১০ জনকে পুশইন করার চেষ্টা করে। নীলফামারী-৫৬ বিজিবি ব্যাটালিয়নের টহল দল বাধা দিলে তারা সীমান্তের ভারতীয় অংশে ২০ গজের মধ্যে অবস্থান নেয়। নীলফামারী-৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সিরাজুল ইসলাম জানান, উদ্ভূত পরিস্থিতি সমাধানের জন্য দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হবে। যে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ রুখতে বিজিবি ও স্থানীয় জনতা সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222