আন্তর্জাতিক ডেস্ক :: তালেবানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাদকবিরোধী বিভাগের উপমন্ত্রী বলেছেন, যেসব ভিক্ষুকের পেশাগত দক্ষতা রয়েছে, তাদের সরকারি প্রতিষ্ঠানে কাজের সুযোগ করে দিতে হবে।
রোববার (৭ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে তালেবানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাদকবিরোধী বিভাগ জানায়, বিভাগের উপমন্ত্রী আবদুর রহমান মুনীর ভিক্ষুক সংগ্রহ কমিটির মাসিক সভায় ভিক্ষুকদের স্বাস্থ্যসেবা প্রদানের বিষয়েও গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, যেসব ভিক্ষুকের পেশাগত যোগ্যতা রয়েছে, তাদের আমিরাতের সরকারি প্রতিষ্ঠানগুলোতে কাজের সুযোগ করে দেওয়া উচিত। সভায় উপস্থিত সদস্যরাও এ বিষয়ে ইতিবাচক মতামত দেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ভিক্ষুকদের জন্য একটি সমন্বিত ডেটাবেইস তৈরির ওপর জোর দেওয়া হয়েছে, যাতে পেশাদার ও সংগঠিত ভিক্ষুকরা সহায়তা কর্মসূচির অপব্যবহার করতে না পারে।
উল্লেখ্য, তালেবান ভিক্ষুক সংগ্রহ ও ভিক্ষাবৃত্তি প্রতিরোধে ৩ অধ্যায় ও ২৭ ধারার একটি আইন প্রণয়ন করেছে। একইসঙ্গে দেশজুড়ে ভিক্ষুকদের সংগ্রহের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে, যার দায়িত্বে রয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাদকবিরোধী বিভাগ।
তালেবান কর্তৃপক্ষের দাবি, এ পর্যন্ত শত শত ভিক্ষুককে সংগ্রহ করা হয়েছে। তবে তা সত্ত্বেও দেশের সড়ক ও জনবহুল এলাকাগুলোতে এখনো ভিক্ষুকদের দেখা যায়।
হাআমা/
