নাজমুল হুদা মজনু’র দুটি কবিতা

by Masudul Kadir

নাজমুল হুদা মজনু’র দুটি কবিতা

সুখের খোঁজে

বিজ্ঞাপন
banner

সবাই শুধু সুখ খোঁজে
সুখের বাড়ি কই।
এই নচ্ছার দিয়েছে কার
পাকা ধানে মই!
বুকের ভেতর কষ্ট পুষে
হাসে মানুষ রোজ,
অচিনপুরের সেই সুখটার
কেউ কি পেল খোঁজ?
কারো মুখে অট্টহাসি
কারো চোখে জল
দুঃখ-সুখের এই দুনিয়ায়
ঢলছে কোলাহল!
তবুও মানুষ স্বপ্ন বোনে
আশার প্রদীপ জ্বেলে,
ভাবনা ভুলে শান্ত হবে
সুখের দেখা পেলে।

বিদায় বারতা

কত কথা বলার ছিল হয়নি বলা তা
কখন যেন চলে আসে বিদায় বারতা।
এই যে চপল চলাচল হাসিখুশি ভরা
সবকিছু বিলীন হবে মিছে নীড় গড়া।

ভাই বন্ধু স্বজন আত্মীয়তার এই ভিড়ে
একাকী যেতে হবে মায়ার বাঁধন ছিঁড়ে।
চিরচেনা আকাশ বাতাস সবুজ মাঠে
আর হব না পারাপার প্রিয় খেয়া ঘাটে।

স্মৃতির পাতায় পড়ে রবে হাসিকান্নার গান,
ক্ষণিকের এ পৃথিবীতে ফুরিয়ে যাবে প্রাণ।
যাদের সাথে কেটেছে দিন, বেঁধেছি যে ঘর,
এক নিমেষেই হব আমি তাদের কাছে পর।

অন্ধকারের সেই ঠিকানায় একাই নিতে ঠাঁই,
যাবার বেলায় সবার কাছে শুধুই ক্ষমা চাই।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222