এমরান হোসেন, (জামালপুর প্রতিনিধি)
ভারতীয় এক নাগরিককে জোরপূর্বক বাংলাদেশে পুশইনকে কেন্দ্র করে জামালপুরের বকশীগঞ্জ সীমান্তে চরম উত্তেজনা বিরাজ করছে। এই উত্তেজনা বিজিবি-বিএসএফ ছাড়াও দুই দেশের জনগণের মধ্যেও ছড়িয়ে পড়েছে।
বুধবার (১০ জুন) বিকেলে দুই দেশের জনগণের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এক পর্যায়ে বাংলাদেশীদের ধাওয়ায় পালিয়ে যায় ভারতীয়রা।
জানা গেছে, আজ বুধবার সকালে বকশীগঞ্জের রামরামপুর সীমান্তের ১০৮২ পিলারের কাছে এক ব্যক্তিকে পুশইনের চেষ্টা করে বিএসএফ। এসময় বিজিবি ও স্থানীয়দের বাধার মুখে পুশইন চেষ্টা ব্যর্থ হলেও ওই ব্যক্তিকে শুন্য রেখায় ফেলে যায় বিএসএফ সদস্যরা। শুন্য রেখা থেকে ওই ব্যক্তি বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে বিজিবি ও স্থানীয়রা বাধা প্রদান করেন। পরে আবার শুন্য রেখায় চলে যায় ওই ব্যক্তি।
এ বিষয়ে বিজিবি-বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠক হলেও কোন পক্ষই ওই ব্যক্তিকে নিতে রাজী হননি। এরপর থেকেই স্থানীয়দের মধ্যে উত্তেজনা আরও বাড়তে থাকে। এক পর্যায়ে দুই দেশের জনগণের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিকেলে কাঁটাতারের বেড়া ভেদ করে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয় দুই দেশের জনগণের মধ্যে। একপর্যায়ে ধাওয়া খেয়ে পালিয়ে যায় ভারতীয়রা।
স্থানীয়রা জানান, ভারতের বিএসএফ প্রতিনিয়ত পুশইনের চেষ্টা করছে। আমরা বিজিবিকে সহযোগিতা করতে গেলেই তারা উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করে। বিকেলে ভারতের কয়েকজন যুবক বাংলাদেশীদের লক্ষ্য করে ঢিল ছুড়লে আমরাও পাল্টা ঢিল ছুড়ি। আমাদের প্রতিরোধের মুখে তারা পালাতে বাধ্য হয়।
জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল হাসানুর রহমান জানান, সীমান্তে শুন্য রেখা অতিক্রম না করতে প্রত্যেকটি নাগরিককে অনুরোধ করছি। এসময় তিনি বিজিবিকে সহযোগিতা করতে স্থানীয়দের প্রতি আহবান জানান।
এনআর/
