৩৬ নিউজ ডেস্ক: দেশের পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার গতিশীলতা বজায় রাখতে চার বিভাগ ও মন্ত্রণালয়ের বরাদ্দ আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে কমানোর প্রস্তাব করা হয়েছে। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, রেলপথ মন্ত্রণালয়, নৌ পরিবহন মন্ত্রণালয় এবং সেতু বিভাগের জন্য চলতি অর্থবছরের মূল বাজেটের তুলনায় এই বরাদ্দ কমছে।
বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে জাতীয় সংসদে এই বাজেট প্রস্তাব পেশ করার কথা রয়েছে। এটি দেশের ৫৫তম বাজেট এবং বর্তমান সরকারের মেয়াদে অর্থমন্ত্রী হিসেবে আমির খসরু মাহমুদ চৌধুরীর প্রথম বাজেট উপস্থাপন। জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে এই বাজেট পেশ করা হবে। নিয়ম অনুযায়ী সংসদে উপস্থাপনের আগে বাজেটটি মন্ত্রিসভায় অনুমোদিত হবে এবং পরে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এতে সম্মতি জানিয়ে সই করবেন। ১ জুলাই থেকে আনুষ্ঠানিকভাবে নতুন এই অর্থবছর কার্যকর হবে।
বাজেটের তথ্য অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের জন্য ৩৬ হাজার ৯১৭ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এর মধ্যে পরিচালন ব্যয় ৬ হাজার ১৭৬ কোটি এবং উন্নয়ন ব্যয় ৩০ হাজার ৭৪১ কোটি টাকা। চলতি ২০২৫-২৬ অর্থবছরের মূল বাজেটে এ বিভাগের জন্য বরাদ্দ ছিল ৩৮ হাজার ৪৯৬ কোটি টাকা। ফলে নতুন প্রস্তাবনায় বিভাগটির বরাদ্দ কমছে ১ হাজার ৫৭৯ কোটি টাকা। তবে সংশোধিত বাজেটের ২৫ হাজার ৬৮৬ কোটি টাকার তুলনায় নতুন অর্থবছরে বরাদ্দ বাড়ছে ১১ হাজার ২৩১ কোটি টাকা। অন্যদিকে রেলপথ মন্ত্রণালয়ের জন্য নতুন অর্থবছরে ৯ হাজার ৯৪১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে পরিচালন খাতে ৪ হাজার ৫০১ কোটি এবং উন্নয়ন খাতে ৫ হাজার ৪৪০ কোটি টাকা রাখা হয়েছে। চলতি অর্থবছরের মূল বাজেটে মন্ত্রণালয়টির বরাদ্দ ছিল ১১ হাজার ৯৪৪ কোটি টাকা। সে হিসাবে এই খাতে বরাদ্দ কমছে ২ হাজার ৩ কোটি টাকা।
পরিবহন খাতের অন্য দুটি গুরুত্বপূর্ণ অংশ নৌ পরিবহন মন্ত্রণালয় ও সেতু বিভাগেও একই চিত্র দেখা গেছে। নৌ পরিবহন মন্ত্রণালয়ের জন্য নতুন অর্থবছরে ৯ হাজার ৮১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে পরিচালন ব্যয়ে ৮৭৪ কোটি এবং উন্নয়ন ব্যয়ে ৮ হাজার ২০৭ কোটি টাকা রাখা হয়েছে। চলতি অর্থবছরের মূল বাজেটে এ মন্ত্রণালয়ের বরাদ্দ ছিল ১০ হাজার ২৭৯ কোটি টাকা। ফলে এই মন্ত্রণালয়ের বরাদ্দ কমছে ১ হাজার ১৯৮ কোটি টাকা।
এ ছাড়া সবচেয়ে বড় কাটছাঁট হয়েছে সেতু বিভাগে। এই বিভাগের জন্য ২০২৬-২৭ অর্থবছরে ২ হাজার ৯০৮ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে, যার মধ্যে পরিচালন ব্যয় ১০ কোটি এবং উন্নয়ন ব্যয় ২ হাজার ৮৯৮ কোটি টাকা। চলতি অর্থবছরের মূল বাজেটে সেতু বিভাগের জন্য বরাদ্দ ছিল ৬ হাজার ২২ কোটি টাকা। ফলে বিভাগটির বরাদ্দ এক ধাক্কায় কমছে ৩ হাজার ১১৪ কোটি টাকা, যেখানে সংশোধিত বাজেটে এ বিভাগের বরাদ্দ ছিল ৫ হাজার ৩২৬ কোটি টাকা।
টিএইচএ/
