৩৬ নিউজ ডেস্ক: দেশের তরুণ কনটেন্ট নির্মাতা, ফ্রিল্যান্সার এবং স্টার্টআপ উদ্যোক্তাদের জন্য নতুন বাজেটে একাধিক কর ও ভ্যাট সুবিধার ঘোষণা এসেছে।
বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপনকালে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এসব খাতের ওপর আরোপিত বিদ্যমান ভ্যাট প্রত্যাহার ও অব্যাহতির প্রস্তাব দেন। বিএনপি নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পর এটি তাদের প্রথম বাজেট, যার শিরোনাম দেওয়া হয়েছে ‘গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অভিযাত্রা’। ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার এই বিশাল বাজেটে তরুণদের কর্মসংস্থান সৃষ্টি ও তথ্যপ্রযুক্তি খাতকে গতিশীল করতে এই যুগান্তকারী পদক্ষেপ নেওয়া হয়েছে।
প্রস্তাবিত বাজেট অনুযায়ী, বর্তমানে স্থানীয় পর্যায়ে স্টার্টআপের ওপর আরোপিত ১৫ শতাংশ ভ্যাট পুরোপুরি অব্যাহতি দেওয়ার প্রস্তাব করা হয়েছে। এর পাশাপাশি স্টার্টআপগুলোর আমদানি করা সেবা এবং স্টার্টআপ প্রতিষ্ঠানের ব্যবহৃত অফিস বা অন্যান্য স্থাপনা ভাড়ার ওপর আরোপিত ১৫ শতাংশ ভ্যাটও মওকুফ করার কথা বলা হয়েছে, যা ২০৩৫ সালের ৩০ জুন পর্যন্ত বহাল থাকবে। এছাড়া পৃথক একটি প্রস্তাবে দেশের কনটেন্ট নির্মাতা ও ফ্রিল্যান্সারদের দেওয়া সেবার ওপর বর্তমানে বিদ্যমান ১৫ শতাংশ ভ্যাট সম্পূর্ণ প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়েছে। এবারের বাজেটে ঘাটতির পরিমাণ ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা এবং রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা। ঘাটতি পূরণে ব্যাংক ঋণ থেকে ১ লাখ ১২ হাজার কোটি এবং সঞ্চয়পত্র থেকে ১৫ হাজার কোটি টাকা সংগ্রহের লক্ষ্য রাখা হয়েছে। পাশাপাশি করমুক্ত আয়সীমা ৩ লাখ ৭৫ হাজার টাকা করার এবং ব্যাংক অ্যাকাউন্টে ৪ লাখ টাকা পর্যন্ত স্থিতি থাকলে আবগারি শুল্ক মওকুফের প্রস্তাব করা হয়েছে।
টিএইচএ/
