‘সীমান্ত হত্যা’ ইস্যুতে ভুল তথ্য ছড়ানোর অভিযোগ বিজিবির

by naymur bd1999

নিজস্ব প্রতিবেদক:: ৫৭তম বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সম্মেলন নিয়ে একটি জাতীয় দৈনিকে প্রকাশিত “দুই দেশের বিবৃতিতে রহস্যময় ফারাক” শীর্ষক প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছে বিজিবি। বাহিনীটি বলেছে, প্রতিবেদনে উপস্থাপিত বেশ কিছু তথ্য ও বিশ্লেষণ অনুমাননির্ভর এবং কূটনৈতিক প্রক্রিয়া সম্পর্কে অসম্পূর্ণ ধারণার ওপর ভিত্তি করে তৈরি।

বিজিবির দাবি, যৌথ প্রেস বিবৃতি সম্মেলনের সংক্ষিপ্ত সারসংক্ষেপ হলেও জয়েন্ট রেকর্ড অব ডিসকাশনস (জেআরডি)-এ সীমান্ত হত্যা, পুশ-ইন, মাদক চোরাচালান, সীমান্ত নিরাপত্তা ও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় বিস্তারিতভাবে নথিভুক্ত রয়েছে। তাই এসব বিষয় উপেক্ষিত হয়েছে বলে প্রতিবেদনে যে ধারণা দেওয়া হয়েছে তা সঠিক নয়।

বিজ্ঞাপন
banner

বাহিনীটি আরও জানায়, যৌথ বিবৃতি ও পৃথক সংবাদ বিজ্ঞপ্তির মধ্যে পার্থক্য আন্তর্জাতিক কূটনৈতিক প্রক্রিয়ার স্বাভাবিক অংশ। এছাড়া বিএসএফের কাছে বাংলাদেশের ‘পজিশন পেপার’ পৌঁছে যাওয়ার বিষয়টিও নিয়মিত এজেন্ডা ও নথি বিনিময়ের অংশ ছিল।

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বিজিবি মহাপরিচালকের সাক্ষাৎকে ‘গোপন বৈঠক’ হিসেবে উল্লেখ করারও প্রতিবাদ জানিয়েছে বিজিবি। তাদের মতে, এটি পূর্বনির্ধারিত ও অনুমোদিত সৌজন্য সাক্ষাৎ ছিল এবং সেখানে বাংলাদেশের উদ্বেগগুলো দৃঢ়ভাবে তুলে ধরা হয়।

বিজিবি মহাপরিচালকের ভারতে প্রশিক্ষণ গ্রহণের বিষয়টি তুলে ধরে ব্যক্তিগতভাবে আক্রমণের চেষ্টারও সমালোচনা করেছে বাহিনীটি। বিজিবির মতে, বিভিন্ন দেশে পেশাগত প্রশিক্ষণ গ্রহণ সামরিক ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের জন্য স্বাভাবিক বিষয়।

বিজিবি বলেছে, সীমান্ত হত্যা, পুশ-ইন ও সীমান্ত নিরাপত্তার মতো স্পর্শকাতর বিষয়ে দায়িত্বশীল, তথ্যভিত্তিক ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা জাতীয় স্বার্থে গুরুত্বপূর্ণ। একই সঙ্গে সঠিক তথ্য প্রকাশে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করেছে বাহিনীটি।

এনআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222