৩৬ নিউজ ডেস্ক:: ইসলামী ব্যাংক বাংলাদেশের আমানতকারী ও গ্রাহকদের ব্যাংকের প্রতি আস্থা রাখার আহ্বান জানিয়ে ব্যাংকটির বোর্ডের দায়িত্বপ্রাপ্ত প্রশাসক ও বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেন বলেন, এখন পেছনে তাকানোর সুযোগ নেই। নির্বিঘ্নে লেনদেন চালিয়ে যান। ব্যাংকের প্রতি আস্থা রাখুন।
সোমবার (১৫ জুন) মতিঝিলের ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। এ সময় ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আলতাফ হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মোহাম্মদ জহির হোসেন বলেন, ব্যাংকের কার্যক্রম স্বাভাবিক রাখতে তিনি আপাতত এক সদস্যবিশিষ্ট বোর্ডের দায়িত্ব পালন করছেন। তবে খুব শিগগির যোগ্য, দক্ষ ও সম্পূর্ণ নিরপেক্ষ ব্যক্তিদের নিয়ে পাঁচ সদস্যের একটি পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠন করা হবে।
তিনি বলেন, পূর্ণাঙ্গ বোর্ড গঠনের জন্য যাচাই-বাছাই চলছে। আমরা এমন ব্যক্তিদের দায়িত্ব দিতে চাই, যারা দক্ষতার সঙ্গে ব্যাংক পরিচালনা করতে পারবেন। আশা করছি, অল্প সময়ের মধ্যেই একটি সুন্দর ও নিরপেক্ষ বোর্ড গঠন করা সম্ভব হবে।
ব্যাংকের তারল্য পরিস্থিতি নিয়ে ভারপ্রাপ্ত এমডি মো. আলতাফ হোসেন জানান, বাংলাদেশ ব্যাংক থেকে বিশেষ সহায়তা হিসেবে আরও ২ হাজার ৫০০ কোটি টাকা পেয়েছে ইসলামী ব্যাংক।
তিনি বলেন, গতকালও আমরা বাংলাদেশ ব্যাংক থেকে ২ হাজার ৫০০ কোটি টাকা পেয়েছি। তবে পুরো অর্থ এখনো ব্যবহার করতে হয়নি। আমরা আশা করছি, যারা আতঙ্কে টাকা তুলে নিয়েছেন তারা আবারও ব্যাংকের ওপর আস্থা রেখে ফিরে আসবেন।
হাআমা/
